অত্যাধুনিক করার প্রতিশ্রুতি

রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Dr. M. A. Muhith
আবুল কালাম আজাদ, রাজশাহী: ১০ অক্টোবর ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, রাজশাহী: ১০ অক্টোবর ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন
রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি - বিজয় বাংলা

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত রানীনগরস্থ সিটি হাসপাতালটিকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ চিকিৎসা সেবাকেন্দ্রে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

​শনিবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর রানীনগর এলাকায় অবস্থিত হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাসের কথা জানান। এর আগে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

​পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ডায়াগনস্টিক ল্যাব, সাধারণ ওয়ার্ড ও ক্যাবিন এবং অপারেশন থিয়েটারসহ সবকটি বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন। তিনি সেখানে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সার্বিক চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন।



​পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, “রাসিক প্রশাসকের আমন্ত্রণে আমি আজ হাসপাতালটি দেখতে এসেছি। আয়তনের দিক থেকে এটি অনেক বড় হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও অবহেলার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল। 

তবে রাসিক প্রশাসকের আধুনিকায়নের যে উদ্যোগ ও পরিকল্পনা আমি দেখলাম, তা অত্যন্ত বাস্তবসম্মত। এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এটি রাজশাহীর অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।”

​তিনি আরও জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহসহ সব ধরনের সরকারি সহায়তা দেয়া হবে। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত তহবিলের সংস্থান করার ক্ষেত্রেও মন্ত্রণালয় কাজ করবে।

​সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত সরকারের আমল জুড়ে প্রতিষ্ঠানটির কোনো উন্নয়নই করা হয়নি। আমরা হাসপাতালটিকে আধুনিক মানসম্মত করে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ প্রস্তাব উপস্থাপন করব। আজ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

​রাসিক প্রশাসক আরও উল্লেখ করেন, রাজশাহী মহানগরীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নিরাপদ স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে বর্তমান পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য তিনি নগরবাসীসহ সংশ্লিষ্ট সকল মহলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

​পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও আহমদ আল মঈন পরাগ, এবং সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বনি।

​এছাড়া স্থানীয় বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।