কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু

Bus service starts on Kishoreganj-Mohakali route
অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ১২:৫১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ১২:৫১ অপরাহ্ন
কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু
--সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ ও মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-ঢাকা (মহাখালী) রুটে বাস চলাচল শুরু হয়েছে। 


সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে অনন্যা, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল শুরু হয়। এতে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে যাওয়া চাকরিজীবীসহ ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি কমার আশা করা হচ্ছে।


এর আগে রোববার সকালে গাইটাল বাস টার্মিনালে গিয়ে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ দেখতে পান যাত্রীরা। এ সময় ‘অনন্যা সুপার’ নামে একটি পরিবহনের বাস গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাত্রী পরিবহন করে। যাত্রীদের অভিযোগ, মহাখালী পর্যন্ত ৩৮০ টাকা ভাড়ার বিপরীতে গাজীপুর পর্যন্ত ৪০০ টাকা নেওয়া হচ্ছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কেউ কেউ বাসের পরিবর্তে ট্রেনে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন।


সোমবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে পরিবহন মালিকদের মধ্যকার বিরোধের স্থায়ী সমাধান হবে কি না, তা নির্ভর করছে কেন্দ্রীয় কমিটির সভা ও পরবর্তী আলোচনার ওপর।


কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর রেজা মুরাদ বলেন, বাস চলাচল বন্ধের পেছনে থাকা সমস্যা নিয়ে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সভা হবে। ঢাকার পক্ষ থেকে অতিরিক্ত যে বাসগুলো দেওয়া হয়েছিল, সেগুলো বন্ধ করা হয়েছে। এখন আগের বাসগুলোই চলবে। এ কারণে সোমবার সকাল থেকে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।