সাজেকে পঞ্চম দিন চলছে সড়ক অবরোধ

road block
অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ১২:৩২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
সাজেকে পঞ্চম দিন চলছে সড়ক অবরোধ
--সংগৃহীত ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে সশস্ত্র দলের সন্ত্রাসীদের সরিয়ে দেওয়াসহ তিন দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা এই কর্মসূচির সোমবার (২৬ অক্টোবর) পঞ্চম দিন চলছে। এদিন অবরোধের সমর্থনে সড়কের কোথাও পিকেটারদের দেখা না গেলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।

গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া অবরোধের কারণে বন্ধ রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। এতে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

আন্দোলনকারীদের তিন দাবির মধ্যে রয়েছে- সাজেক এলাকা থেকে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের অবিলম্বে সরিয়ে নেওয়া, স্থানীয় পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা নেওয়া।

রাঙামাটি পুুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।