বাঁকখালী নদীতে সম্প্রীতির বন্ধনে জাহাজ ভাসা উৎসব

Ship floating festival in the bond of harmony
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৭ অক্টোবর ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৭ অক্টোবর ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন
বাঁকখালী নদীতে সম্প্রীতির বন্ধনে জাহাজ ভাসা উৎসব
কক্সবাজারের রামুর ফকিরা বাজারের পূর্বপাশে বাঁকখালী নদীতে সম্প্রীতির বন্ধনে জাহাজ ভাসা উৎসব সম্পন্ন হয়েছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে কক্সবাজারের রামুর ফকিরা বাজারের পূর্বপাশে বাঁকখালী নদীতে সম্প্রীতির বন্ধনে জাহাজ ভাসা উৎসব সম্পন্ন হয়েছে। 

সোমবার ২৬ অক্টোবর বিকেলে ‘সম্প্রীতির জাহাজে, ফানুসের আলোয় দূর হোক সাম্প্রদায়িক অন্ধকার' এ শ্লোগানে জাহাজ ভাসানোর আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা গেছে, রামুর পূর্ব রাজারকুল, হাজারীকুল, হাইটুপী রাখাইন পাড়া, হাইটুপী বড়ুয়াপাড়া, দ্বীপ-শ্রীকুল, জাদিপাড়া ও মেরংলোয়া গ্রাম থেকে মোট ৭টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়েছে। সাত-আটটি নৌকার উপর বসানো বাঁশ, বেত, কাঠ এবং রঙিন কাগজ দিয়ে অপূর্ব কারুকাজে তৈরি এক-একটি কল্পজাহাজ আকর্ষণীয় নির্মাণ শৈলীর কারণে খুব সহজেই সবার দৃষ্টি কাড়ে। প্রতিটি জাহাজেই আছে একাধিক মাইক। ঢোল, কাঁসর, মন্দিরাসহ নানা বাদ্যের তালে জাহাজের উপরে শিশু, কিশোর ও যুবকরা নেচে গেয়ে অন্যরকম আনন্দে মাতোয়ারা। জাহাজ নিয়ে ভেসে এপার থেকে ওপারে যেতে যেতে মাইকে চলে বৌদ্ধ কীর্তন-নাচসহ নানা আনন্দায়োজন।


কেন্দ্রীয় প্রবারণা পূর্ণিমা ও কল্পজাহাজ ভাসা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। 

উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া। 

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, রামু উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক, এটিএন নিউজ নির্বাহী সম্পাদক শফিউল আজম ও রামু চৌমুহনী বনিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি সহ অন্যরা।

উল্লেখ্য, অর্ধশতাব্দীকাল ধরে রামুতে এ উৎসবের আয়োজন চলে আসছিলো। জেলা জুড়ে ছাড়াও দেশে ও বিদেশে এ উৎসব ব্যাপক পরিচিতি লাভ করেছে।