বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত উইন্ডিজ ও যুক্তরাষ্ট্র

Windies and USA ready
অনলাইন ডেস্ক ৩১ মে ২০২৪ ১০:৫৬ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ৩১ মে ২০২৪ ১০:৫৬ অপরাহ্ন
বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত উইন্ডিজ ও যুক্তরাষ্ট্র
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি নিয়ে শান্ত ও রোহিত।

আর মাত্র এক প্রহরের অপেক্ষা। ডালাসে রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইসিসি টি২০ বিশ্বকাপের নবম আসরের। গায়ানায় রাত সাড়ে আটটায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। 

ইতিহাসের সর্বাধিক ২০ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। সহ-আয়োজক হওয়ার সুবাদে প্রথমবার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মঞ্চে পা-রাখতে যাচ্ছে বিশ্ব ভূ-রাজনীতির ক্ষমতার আধার যুক্তরাষ্ট্র। আয়োজন কিংবা শিরোপা জয়- ক্যারিবীয়দের জন্য অভিজ্ঞতাটা বেশ পুরনো। সেই অর্থে মার্কিনিদের জন্যই চ্যালেঞ্জটা বেশি।

এরই মধ্যে ৯ জুন নিউইয়র্কে উন্মাদনার ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী। স্থানীয় মেয়র, ইউএসএ ক্রিকেট (ইউএসএসিএ) এবং প্রশাসন জানিয়েছে, শুধু ওই ম্যাচ নয়, গোটা আসরই নির্বিঘেœ আয়োজনে প্রস্তুত তারা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও (ডব্লিউআইসিবি) প্রস্তুত। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনে দুই দেশের প্রস্তুতিতে সন্তুষ্ট বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ক্যারিবীয়দের জন্য বিশ্বকাপ আয়োজন এবং সাফল্যের ইতিহাস বেশ পুরনো। ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরের শিরোপাধারী (১৯৭৫, ১৯৭৯) ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপও জিতেছে দুই বার (২০১২, ২০১৬), আয়োজক হয়েছে দুইবার (২০০৭ ওয়ানডে, ২০১০ টি২০)। বিশ্বকাপ শুরুর ঠিক আগে তিন ম্যাচে টি২০ সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে মূলত অভিবাসী ক্রিকেটারদের নিয়ে গড়া টিম যুক্তরাষ্ট্র।

প্রথমবারের মতো আয়োজক হয়ে নিজেদের প্রথম বিশ্বকাপে পরাক্রমশালী দেশটির সামনে এবার সফল আয়োজনের চ্যালেঞ্জ। ১৯৯৪ ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনের পর দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়। ফুটবল, বেসবলের দেশে এবার ধুন্ধুমার চার-ছক্কার আসর দিয়ে ক্রিকেটে আগ্রহ তৈরির সুযোগ। গ্রুপ পর্বে মোট ৪০ ম্যাচের ১৬টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে। এর মধ্যে নবনির্মিত নিউইয়র্কের ঝকঝকা নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৮টি, টেক্সাসের ডালাসে গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে ৪টি এবং ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রাওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে ৪টি। ওয়েস্ট ইন্ডিজের ৬টি মাঠে গ্রুপ পর্বের বাকি ২৪টি এবং সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

ভেন্যুগুলো হচ্ছে গায়ানার দ্য প্রভিডেন্স, বর্বাডোজের ব্রিজটাউন (কেনিংটন ওভাল), অ্যান্টিগার নর্থ সাউন্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট লুসিয়া এবং সেন্ট ভিনসেন্ট। ইউএসএ ক্রিকেটের প্রেসিডেন্ট গ্লাডস্টোন ডাইনিটি বলেন, ‘শুধু নিইইয়র্ক এবং লডারহিলের ভেন্যু পুরোপুরি প্রস্তুত, ঝড়ে ডালাসে আংশিক যে ক্ষতি হয়েছিল, সেটিও আমরা গুছিয়ে এনেছি। ইতিহাসের প্রথম বিশ্বকাপে সফল আয়োজনের জন্য আমরা সর্বাত্মক প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন, ‘নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। এরপরও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

শুধু নিউইয়র্ক নয়, তিনটি ভেন্যুতেও যাতে নির্বিঘেœ খেলা অনুষ্ঠিত হতে পারে, দর্শক মাঠে এসে খেলা উপভোগ করতে পারে, এজন্য আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে কাজ করছি।’ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভস আত্মবিশ্বাসী, ‘আমরা ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের পর ২০১০ টি২০ বিশ্বকাপেও সফলভাবে আয়োজন করেছি। এবার যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যোগ দিয়েছে। শুরু থেকেই আমরা সবকিছু সমন্বয় করে কাজ করছি। আইসিসিও শুরু থেকেই সব পর্যবেক্ষণ করে আসছে। ক্রিকেটপ্রেমীদের দারুণ একটি বিশ্বকাপ উপহার দিতে প্রস্তুত আমরা।’

২০টি দল মোট চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে আয়ারল্যান্ড, বাছাই পেরিয়ে আসা কানাডা এবং সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গী নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান ও সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও বাছাই পেরিয়ে আসা পাপুয়া নিউগিনি ও উগান্ডা। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে। বার্বাডোজে আগামী ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নবম টি২০ বিশ্বকাপের।