দিনের আলো ফুটতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠবে

The ninth season of T20
অনলাইন ডেস্ক ০১ জুন ২০২৪ ০১:৫০ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০১ জুন ২০২৪ ০১:৫০ অপরাহ্ন
দিনের আলো ফুটতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠবে
ভোরের আলোতে আলোকিত হবে টি-টোয়েন্টির নবম আসর

আর মাত্র কয়েক ঘন্টা। এরপরই অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে উত্তেজনা ছড়ানো চার-ছক্কার লড়াই। কারণ আগামীকাল দিনের আলো ফুটতেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের।

এই আসরের উদ্বোধনী ম্যাচে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের দুই দল স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। একইদিন রাত সাড়ে ৮টার দিকে গায়ানায় ‍মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।

যুক্তরাষ্ট্র–কানাডা দুই দলই এবার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে খেলতে হয়নি কোনো বাছাই। অপরদিকে আমেরিকান বাছাই জিতে টিকিট পেয়েছে কানাডা। 

তবে সাম্প্রতিক সময়ে ডালাসে বাংলাদেশসহ বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তাই এখানে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চললেও সেখানে নেই কোনো উত্তেজনা। ফলে ৭ হাজার ধারণক্ষমতার ডালাসের গ্যালারি পুরোপুরি ভরা থাকলেও শঙ্কা রয়েছে। অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। প্রথম বারের মতো ২০ দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপ চলবে এক মাস। যেখানে মোট ম্যাচ হবে ৫৫টি। গ্রুপপর্বের ম্যাচগুলো শেষ হবে ১৮ জুন। 

এরপরই মাঠে গড়াবে সুপার এইটের খেলা। যা শেষ হবে ২৫ জুন। ২৬ ও ২৭ জুন হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল মাঠে গড়াবে ২৯ জুন। এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ৯টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। যার মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে ৩টি ভেন্যু। গ্রান্ড প্রেইরি, নাসাউ ও সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক। আর ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুগুলো হলো- প্রভিডেন্স স্টেডিয়াম, কেনিংস্টন ওভাল, ভিভ রিচার্ডস স্টেডিয়াম, ব্রায়ান লারা স্টেডিয়াম, আরনস ভেল গ্রাউন্ড ও ড্যারেন সামি স্টেডিয়াম।

টুর্নামেন্টের ফরম্যাট 

এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রথমে হবে গ্রুপপর্বের খেলা। প্রতি গ্রুপে থাকছে ৫টি করে দল। গ্রুপপর্বে প্রত্যেক দল খেলবে ৪টি করে ম্যাচ। আর সেখান থেকেই গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে। এই পর্ব থেকে বিশ্বকাপ পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। সুপার এইটেও চারটি করে দল নিয়ে করা হবে দুইটি আলাদা গ্রুপ। টুর্নামেন্টে ম্যাচ জয়ের জন্য থাকছে ২ পয়েন্ট করে, ফলাফল না হলে ১ পয়েন্ট এবং হেরে গেলে কোনো পয়েন্ট যোগ হবে না। 

টি-টোয়েন্টিতে নেই ম্যাচ টাইয়ের কোনো সুযোগ। এরকম হলে সুপার ওভারে নিষ্পত্তি হবে ম্যাচ। যদি সুপার ওভারেও ড্র হয়, তবে খেলার ফল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলবে সুপার ওভার।

রিজার্ভ ডে

এবারে শুধুমাত্র প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে বরাদ্দ আছে।এটাই বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন। আর দ্বিতীয় সেমিফাইনালের জন্য রাখা হয়েছে অতিরিক্ত ২৫০ মিনিট । সবশেষ ২০২২ সালে টি-টোয়েন্টির আসর বসেছিলো অস্ট্রেলিয়ায়। এই আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। 

মূলত ২ জুন থেকে বিশ্বকাপের নবম আসরের উত্তেজনা শুরু হলেও শান্তদের বিশ্বকাপ শুরু হবে ৮ জুন। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অবসান ঘটবে বাংলাদেশী ভক্তদের অপেক্ষার।