রাজশাহী মহিলা কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত
রাজশাহী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক মিলাদ কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার ও এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা কমিটি-২০২৪ এর আহ্বায়ক জনাব মোঃ তৌরেজ হোসেন। উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারি ও এইচএসসি পরীক্ষা-২০২৪ এর পরীক্ষার্থীবৃন্দসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয়সহ সকলে ৩০/০৬/২০২৪ খ্রি. তারিখ হতে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অধ্যক্ষ মহোদয় আশাবাদ ব্যক্ত করেন যে, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এবার সাফল্যের সহিত শতভাগ উত্তীর্ণ হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব মোঃ কাউসার হুসাইন, সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, রাজশাহী পবিত্র কোরআন-হাদিসের বিধি-বিধান অনুসারে জীবন পরিচালিত করার ব্যাপারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন ও এইচএসসি পরীক্ষার্থীবৃন্দসহ সকলের উদ্দেশ্যে দোয়া মাহফিল পরিচালনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক জনাব মোঃ শাফিউল ইসলাম।