মাইনুলের না ফেরার দেশে চলে যাওয়া
“মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে”গানটি মনে পড়লে, শুনলে মাইনুলের স্মৃতি ভেসে উঠে এই গানটিও ছিল তার প্রিয় গান গুলির একটি। রাজশাহী কলেজিয়েট স্কুলে পড়ার সময় তার সমাজ পরিবর্তনের রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া। বই পড়তে চরম ভালো বাসতো। গানও গাইতো যদিও সে কোন শিল্পী ছিলনা কিন্তু সুন্দর কন্ঠে গান গেয়ে সকলকে আনন্দ দিতো। বিভিন্ন ধর্ম বিষয়ে ছিল পারদর্শি। প্রতি মূহুর্তে তার স্মৃতি গুলি আমার হৃদয়ে রক্ত ক্ষরণ ঘটাচ্ছে। রাজশাহী বিশ^বিদ্যালয়ে একছাত্র সংঘর্ষে মারাত্বক আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়ে সারাদেশে। তারিখটি মনে পড়ছে না। হাসপাতালে চিকিৎসা নেবার সময় সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান মন্ত্রীকে হেলিকপ্টার দিয়ে মাইনুলকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য পাঠান কিন্তু ও রাজি না হয়ে দাবি জানান ১৯৬৯ সালে গণ আন্দোলনে শহিদ হওয়া তার কলেজ রাজশাহী সিটি কলেজের ছাত্র শহিদ নুরুল ইসলামের প্রতিশ্রদ্ধা জানিয়ে কলেজটি সরকারী করনের। অবশ্য পরবর্তিতে তা করা হয়। কিন্তু মাইনুল কখনও নিজের প্রশংসা নিতে চাইনি, যা অনেকেরই অজানা। সে ছিল প্রচার বিমূখ। তার সময় কাটানোর অন্যতম জায়গা ছিল রাজশাহী শহরের গনকপাড়া মোড়, রাজশাহী প্রেসক্লাব, সোনাদিঘী মোড়। সে বিভিন্ন দল আদর্শের নেতা কর্মীদের নিয়ে সময় কাটাতো, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতো। তার কাছে দিক্ষা নেয় অনেকে, তাদের একজন অত্যান্ত পরিচিত রাজনীতিবিদ রেজভি আহমেদ। ওর ঘনিষ্ট জন ছিল রাজনীতিবিদ সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সালমা ভাবি এরকম অনেকেই। ও মাঝে মধ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মী সমর্থকদের ক্লাস নিতো।
এক সময় রাজনীতি ছেড়ে বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেও সঙ্গী শুভা কাক্ষীদের কখনই ভুলে যায়নি। পেশাগত দ্বায়িত্ব পালনের পর সময় বের করে তাদের খোঁজ খবর নেয়া ছিল তার প্রতিদিনের কাজ। আমার ভাই সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হকের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। ভাই মঞ্জুরুল হকের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। দাদা ভাই তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সাবেক বিচারপতি হাবিবুর রহমান তাকে খুবই স্নেহ করতেন। তাদের সম্পর্কটা ছিল অন্যরকম দুজনের মধ্যে আলাপ আলোচনা হতো সান্নিধ্যময়। তিনি তার জন্য তার লেখা বই নিয়ে আসতেন। মাইনুল তার ছোট ভাই মাসুদ ও আমার ছোট ভাই বাবুকে নিয়ে খূব বেশি চিন্তা করতো।
সে দিন গুলি ছিল রঙ্গিন আনন্দের। ও নিজের কথা তেমন একটা ভাবতো না বরং এড়িয়ে যেত। পরের কথা পরের জন্য কি করা যায় এ সব নিয়ে ভাবতো। সে আমারও কিছুটা হলেও দিক্ষা গুরু। রাত জেগে তার কাছে পোস্টার লেখা শিখতাম। তার অনুপ্রেরণায় এরশাদ বিরোধী আন্দোলনের সময় পথ নাটক করার শক্তি পেয়েছি। এক সময় অসুস্থ হয়ে পড়ে কিন্তু মনোবল ছিল দৃড়। নিজে অসুস্থ হলেও অন্যদের খোঁজ খবর নেয়া ছিল তার মহৎ উদ্যোগ।
পার হতে চললো সময়। এলো করোনার আক্রমন।ভালো পরিচর্যার মধ্যে থেকেও ও হলো আক্রান্ত। ভাবতে পারিনি তার চলে যাওয়ার সময় আসছে। তাকে হাসপাতালে নিলে ডাক্তার, নার্স ও তাকে দেখা শুনার দ্বায়িত্বে থাকারা এবং জামিল ব্রিগেডের বীর যোদ্ধারা ঝুঁকির মধ্যে তার পাশে ছিল। সুস্থ হাসপাতাল থেকে বাড়ি ফিরার দিন তার মধ্যে ছিল চরম উচ্ছাস। ২০২১ সালের ৩ সেপ্টেম্বও শুক্রবার সকালে আমার পাশে বসে নাস্তা করে, দুপুরে খাবার পর জুম্মার নামাজের ওয়াক্তে তার মধ্যে অস্বাভাবিকতা দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে বাঁচিয়ে রাখতে পারলেন না। চারিদিকে অন্ধকার অনুভব করলাম। সাংবাদিক সাইদুর খবরটি সকলকে দিতে থাকে। সফি মামা, এ্যাডঃ টিটু, জামিল ব্রিগেডের দেবুদা খবরটা শুনে একে বারে নিচ্ছুপ হয়ে গেলেন। কোরনাই আক্রান্ত হয়ে দূর্বল হয়ে যাওয়া এ্যাডঃ টিটু ঝুকি উপেক্ষা করে ফোনটি বাড়িতে ভূলে রেখে বিভিন্ন জাগায় আমাদের খুঁজতে থাকে। যখন তিনি হাসপাতালে এলেন সূর্য তখন হেলে পড়েছে পশ্চিমে। তিনি আর মাইনুল কে দেখতে পাননি আমি তখন মাইনুলকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ দিকে। নিজেকে সামলে রাখতে পারছিলাম না। সূর্য অস্তের মূহুর্তে অনেক কষ্ট বুকে জমা রেখে তাকে নিয়ে গেলাম তার চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে। বাদ এশা চাঁপাইনবাবগঞ্জের পাঠান পাড়ার মসজিদে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। ও যখন বীর চট্টলায় সেখানেও তার জনপ্রিয় তার কমতি ছিল না। সহকর্মী সহ সেখানকার বিভিন্ন নেতা কর্মী ও অন্যান্যদের সাথেও তার সুসম্পর্ক ছিল। ওখানকার কেউ চাইনি ও চলে আসুক রাজশাহীতে কিন্তু পেশাগত কারণে তাকে ফিরে আসতে হয়। তার অনেক স্মৃতি, আজ ৩ সেপ্টেম্বর তার ৩য় মৃত্যু বার্ষিকী। তাকে এক মূহুর্ত ভুলে থাকতে পারিনা।
লেখক: মাইনুল আহসানের সহ ধর্মিনী