বিয়ামে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৬ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৬ পূর্বাহ্ন
বিয়ামে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
বিয়ামে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

বিশ্ববাসীর জন্য রহমত সরূপ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) হস্তিবর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। বাংলাদেশসহ সারা বিশ্বে আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। 

কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এর নির্দেশনা অনুসারে কেরাত, হামদ- নাত, কুইজ প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

ঈদ-ই মিলাদুন্নবী উদযাপনের লক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় শিক্ষার্থীদের কেরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। হামদ-নাত ও পবিত্র কুরআনের সুললিত তেলাওয়াতে সমুদ্রতীরের মনোরম পরিবেশের বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়। 

প্রতিযোগিতা শেষে একাডেমিক কো-অর্ডিনেটর আবুল হাসনাত জিকুর সভাপতিত্বে ও বাংলার প্রভাষক সাইফুল ইসলাম তুষারের সঞ্চালনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। 

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা মোঃ তাওসীফ শরীফ স্নিগ্ধ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কক্সবাজার ও সহকারি কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা) জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার। 

এছাড়াও উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা। 

উক্ত আলোচনা সভা কুরআন মাজিদ তেলাওয়াত করে শুরু হয়। তেলাওয়াতের পর শিক্ষক ও শিক্ষার্থী দ্বারা ইসলামি সংগীত পরিবেশিত হয়।

মহানবি (সঃ) এর কর্মজীবন ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন হান্নানুর রহমান, সহকারি শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কক্সবাজার। এরপর প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি ও অন্যান্যদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর নবুয়্যত পূর্ব ও পরবর্তী  জীবন, কর্ম ও শিক্ষা, ইসলামের শান্তি ও প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা, ক্ষমা, সততা ইত্যাদি আলোচিত হয়।

আলোচনা শেষে বিদ্যালয় ও দেশের সার্বিক কল্যাণ কামনায় মুনাজাত সম্পন্ন হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিয়াম ফাউন্ডেশন জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন।  

শেষপর্বে কেরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।