নাটোরে শেখ হাসিনা ও শিমুলের নামে আরও দুটি হত্যা মামলা

murder case
অনলাইন ডেস্ক : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৪ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৪ পূর্বাহ্ন
নাটোরে শেখ হাসিনা ও শিমুলের নামে আরও দুটি হত্যা মামলা

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মিকদাদ হোসাইন খান আকিব (১৭) ও মো. শরিফুল ইসলাম মোহন (৪০) নামে দুজনকে অপহরণ, গুম ও পুড়িয়ে হত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৪৭ জনকে আসামি করে দুটি মামলা করা হয়েছে।

শহরের উপ-শহরের মো. দেলোয়ার হোসেন খান ও উত্তর বড়গাছা এলাকার এসএম সেলিম মাসুম বাদী হয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর থানায় এ মামলা দুটি করেন।

মামলা দুটির একটির বাদী দেলোয়ার হোসেন খান তার ছেলে হত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া চৌধুরীসহ আওয়ামী লীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। এ মামলায় আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অপর মামলার বাদী এসএম সেলিম মাসুম এজাহারে ছোট ভাইকে হত্যার অভিযোগ এনে শেখ হাসিনা ও শফিকুল ইসলামসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শফিকুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।