মাঝ আকাশে থাকা বিমানে বাংলাদেশি যাত্রীর মৃত্যু
ঢাকা থেকে হংকং যাওয়ার পথে মাঝ আকাশেই ফ্লাইটের ভেতরে এক বাংলাদেশি যাত্রী (৪৭) মারা গেছেন। ওই যাত্রী আকস্মিকভাবে বিমানের ভেতরে ঢলে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। মারা যাওয়া বাংলাদেশি যাত্রীর ময়নাতদন্ত করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা থেকে হংকং যাচ্ছিল। কিন্ত মাঝ আকাশে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রী মারা যান।
হংকং পুলিশ জানিয়েছে, লোকটি বাংলাদেশের রাজধানী থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলে তারা বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পরে খবর পেয়েছে। কর্মকর্তারা ঘটনাস্থলেই লোকটিকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছায়।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের হংকং থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে টেক অফের কিছুক্ষণ আগে একজন জার্মান যাত্রী অজ্ঞান হয়ে ঢলে পড়ার পর মৃত্যু বরণ করেন। মূলত তিনি ঢলে পড়ার পর বিমানের ক্রুরা ৭১ বছর বয়সী ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিতে ছুটে আসেন। পরে হাসপাতালে নেওয়ার পর লোকটিকে মৃত ঘোষণা করা হয়।