ইয়াবাসহ আটক হলেন টেকনাফ ওয়ার্ড ছাত্রদল আহবায়ক
কক্সবাজারের টেকনাফে ইয়াবা নিয়ে এক ছাত্রদল নেতা আটক হয়েছে র্যাবের হাতে। আটক ছাত্রদল নেতা আশরাফ আলী (২৪)। সে টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এবং কুলালপাড়ার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদে বুধবার ১৬ অক্টোবর সকালে টেকনাফ পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিলবনিয়াপাড়ার একটি মাদ্রাসার সামনে থেকে আশরাফকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাত্রদল নেতা তার এক সহযোগীসহ এ কাজে সংশ্লিষ্টতার দায় স্বীকার করেন। দীর্ঘদিন যাবৎ মাদক কারবারে জড়িত বলে জানান। উদ্ধার ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।