জামালপুরে মাহিন্দ্রচাপায় সাংবাদিক নিহত

Kurban Ali
অনলাইন ডেস্ক : ১৬ অক্টোবর ২০২৪ ০৮:০৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৬ অক্টোবর ২০২৪ ০৮:০৬ অপরাহ্ন
জামালপুরে মাহিন্দ্রচাপায় সাংবাদিক নিহত
নিহত সাংবাদিক কুরবান আলী। .....সংগৃহীত ছবি

 


জামালপুরের মাহিন্দ্রচাপায় কুরবান আলী নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মেলান্দহ উপজেলার খাঁনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক কুরবান আলী (৬২) মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের (কাদু) মেম্বারের ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ি মোড়ে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী। এ সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি বালুবাহী মাহিন্দ্র গাড়ি সাংবাদিক কুরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাংবাদিক কুরবান আলীর ছোট ভাই ইদ্রিস আলী ধনী গণমাধ্যমকে বলেন, মোবাইলে খবর পাই বড় ভাই কুরবান আলী এক্সিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমি আক্তার বলেন, সাংবাদিক কুরবান আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
মেলান্দহ থানার ওসি মাসুদুজ্জামান গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহিন্দ্রচাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।