সাবেক এমপি কমলের দেহরক্ষী খোকন ও সাবেক এমপি জাফরের সহযোগী জাহেদ গ্রেপ্তার
সাবেক হুইপ ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের গানম্যান, রামু উপজেলা যুবলীগের কর্মী খালেকুজ্জামান খোকনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামুর সদর ইউনিয়ন ফতেখাঁরকুলের মন্ডল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, খোকন হত্যাচেষ্টা, নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি। কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। খোকন ফতেখাঁরকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্ডল পাড়ার শামসুল আলমের ছেলে। সূত্র মতে, ধৃত খোকনোএমপি কমলের দেহরক্ষী ছিল। পাশাপাশি কমলের বৈধ অস্ত্র বহন করতো। সে রামু উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিল। তবে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তার পদ ছিল না।
সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক হুইপ কমলের সঙ্গে থেকে বৈধ অস্ত্রের পাশাপাশি অবৈধ অস্ত্র চালায় এবং আন্দোলনবিরোধী সক্রিয় ভূমিকা পালন করে। সে রামুতে বিভিন্ন ছাত্রদের হুমকি ও মারধরেও লিপ্ত ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব। অপর অভিযানে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমের অন্যতম সহযোগী, পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।
কক্সবাজার সদরের কাছের উপজেলা রামুর বাইপাস সড়কের ফুটবল চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, তিনি পেকুয়া উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ হত্যাচেষ্টা মামলার আসামি। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল জানতে পারে, মামলার এজাহারনামীয় ৩নং আসামি জাহেদ আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে রামু এলাকায় আত্মগোপনে রয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু বাইপাসের ফুটবল চত্বর এলাকায় অভিযান চালিয়ে জাহেদকে গ্রেপ্তার করা হয়। সূত্র মতে, জাহেদ টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমের অন্যতম সহযোগী ও ইউপি চেয়ারম্যান হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে টৈটং ইউনিয়ন এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতেন। এ ছাড়াও তিনি ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে পেকুয়া উপজেলা এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগসহ নিরীহ ছাত্র-জনতাকে হত্যাচেষ্টা করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এই জাহেদের নেতৃত্বে পেকুয়ার টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদরাসা ভোটকেন্দ্র এলাকায় হত্যার উদ্দেশ্যে ধারাল অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে করা মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে পেকুয়া থানায়।