অবৈধ সম্পদ অর্জনে কক্সবাজারের সাবেক জেল সুপারসহ স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৯ অক্টোবর ২০২৪ ০৯:৪৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৯ অক্টোবর ২০২৪ ০৯:৪৫ অপরাহ্ন
অবৈধ সম্পদ অর্জনে কক্সবাজারের সাবেক জেল সুপারসহ স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
file image

 



কক্সবাজার জেলা কারাগারের সাবেক জেল সুপার বজলুর রশিদ আখন্দ ও তার স্ত্রী নাছিমা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ২৮ অক্টোবর দুপুরে মামলাটি করা হয়। 

দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ূন বিন আহমদ নিজ কার্যালয়ে মামলাটি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্র মতে, কক্সবাজার জেলা কারাগারের সাবেক জেল সুপার ও বর্তমানে মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ আখন্দের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় মামলাটি (এজাহার) দায়েরের জন্য কমিশন কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী নাছিমা সুলতানার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, জেল সুপার বজলুর রশিদ আখন্দের স্ত্রী নাহিমা সুলতানা দুর্নীতি দমন কমিশনে হিসাব বিবরণী জমা না দেয়ায় এবং তার স্বামী, বর্তমানে বাধ্যতামূলক অবসরে থাকা কক্সবাজার জেলা কারাগারের সাবেক জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ (৫৭) দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ৬১ লাখ ৭৯ হাজার ৪১১ টাকার সম্পদ অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা তৎসহ দণ্ডবিধি-১৮৬০-এর ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।