চাঁপাইনবাবগঞ্জে যক্ষ্মা সচেতনতামূলক সভা
বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শনিবার বিকেলে যক্ষ্মা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা স্কাউটস ভবনে এ সভার আয়োজন করে টিবি সারভাইভার্স কমিউনিটি প্ল্যাটফর্ম (টিবিএসসি প্ল্যাটফর্ম), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। সহযোগিতা করে ইউএসএইড, আইসিডিডিআরবি ও প্রথম আলো। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
সংগঠনের আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আনোয়ার হোসেন, সদস্য ও নাটাবের সহসভাপতি শফিকুল আলম ভোতা, সদস্য ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) প্রতিনিধি আসিকুর রহমান ও জোসনারা খাতুন, যক্ষ্মা রোগ থেকে সেরে ওঠা মানুষদের মধ্যে শহিদুল ইসলাম, হাবিবুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, যক্ষ্মা রোগের বিস্তার রোধ ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ইউএসএআইডির পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের পরিচালনায় (আইসিডিডিআর’বি) প্রথম আলো যক্ষ্মা সচেতনতাবিষয়ক প্রচারণার উদ্যোগ নিয়েছে। কেননা যক্ষ্মা শুধু বড়রা নয়, শিশুরাও আক্রান্ত হচ্ছে। প্রতিবছর মারা যাচ্ছে অনেকেই। এর বিস্তার ভয়াবহ। এ বছর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুই থেকে চার বছর বয়সী শিশুদের মধ্যে ২৬ জনের যক্ষ্মা রোগ শনাক্ত হয়েছে। অন্যদিকে ১৪ বছরোর্ধ্ব মানুষদের মধ্যে ২০৩ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে।
যক্ষ্মায় আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, যক্ষ্মা রোগের পরীক্ষা থেকে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয় সদর ও টিবি হাসপাতালে। তাই এ রোগটি নিয়ে অবহেলা করা যাবে না। এছাড়া যক্ষ্মা সম্পর্কে বেশি বেশি সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।
চিকিৎসক ওমর ফারুক বলেন, যক্ষ্মা রোগের চিকিৎসার দুই সপ্তাহের মধ্যে রোগ ভালো হয়ে যাবার লক্ষণ দেখা দেয়। তখন অকেইে ওষুধ সেবন বন্ধ করে দেন। এসব ক্ষেত্রে ওই রোগীর ফুসফুসের স্থায়ী ক্ষতি হয়ে যায়। যক্ষ্মা রোগ শনাক্ত হওয়ার পরই রোগীকে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে আলাদা করে অন্তত ১৫ দিন থাকতে হবে। কেননা, ওষুধ সেবনের ১৫ দিন পর যক্ষ্মার ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কমে যায়। পরিবারের অন্য সদস্যদেরও যক্ষ্মা পরীক্ষা করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, যক্ষ্মা রোগ থেকে থেকে সেরে ওঠা মানুষজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।