গোপন মিটিং থেকে পালিয়ে গেলেন দলিল জালিয়াত
একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ১৮ জন মেম্বারকে (ইউপি সদস্য) আটক করে পুলিশ। ইউপি সদস্যদের সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভা থেকে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন মিটিংয়ের খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ কলাতলির হোটেল ইউনি রিসোর্টে অভিযান চালিয়েছিল। পুলিশের অভিযানকালে অনেকে পালিয়ে গেলেও ৪০ জনকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের পর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইজুল আযীম নোমান গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সূত্র মতে, রাত ১২টার দিকে গ্রেপ্তার হওয়া ইউপি সদস্যদের কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
শুক্রবার দুপুরের পর ইউনি রিসোর্টে বাইসস কক্সবাজার জেলা শাখা ‘রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করনীয়’ শিরোনামে এই আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছিল। এতে কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেন। সংগঠনটির কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. ছৈয়দ নূর মেম্বার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
সূত্র মতে, পুলিশের কাছে খবর পৌঁছে ওই আলোচনা সভার নামে আওয়ামী লীগের দোসর ইউপি সদস্যরা হোটেল ইউনি রিসোর্টে জড়ো হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র করছেন। এমন খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ওই সভায় আওয়ামী লীগের দোসর বহু বিতর্কিত, দলিল জালিয়াত কারবারি টেকনাফ হ্নীলা ইউপি সদস্য হােসাইন আহমদও ছিলেন। হোসাইন গ্রেফতার এমপি বদির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। পরে পতিত আওয়ামী লীগের নুরুল বসরের কমিটির সহ সভাপতি হন। সদ্য দলিল জালিয়াতির মামলায় আটক হয়ে জামিনে মুক্তি পান।
সভায় হোসাইন মেম্বারসহ পতিত আওয়ামী লীগের অনেক ইউপি সদস্য অংশ নিয়েছিলেন। তবে সেই সভায় সরকারবিরোধী কোনো কথা হয়নি। বরং তৃণমূলের স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে ইউপি সদস্যদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে সহযোগী করার জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন জানিয়েছেন অনেক ইউপি সদস্য।
পুলিশ সূত্র মতে, পুলিশি অভিযানের সময় হোসাইন মেম্বারসহ অধিকাংশ ইউপি সদস্য সটকে পড়েন। তবে ৪০ জনের মতো ইউপি সদস্যকে হোটেলে আটকে দেওয়া হয়। পরে যাচাই-বাছাই করে মামলার আসামি থাকা ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।