কক্সবাজারে র্যাব সদস্যদের ওপর হামলায় আটক ৪
কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্ট এলাকা থেকে সরকারি কাজে বাধা প্রদান ও র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ৪ জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয় বাংলা প্রতিদিনকে র্যাব জানিয়েছে, মৌসুমের প্রারম্ভে পর্যটন নগরী কক্সবাজারে আগত পর্যটকদের টার্গেটকারী ভয়ংকর ছিনতাইকারীদের আইনের আওতায় আনাসহ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে র্যাব-১৫, কক্সবাজার।
গতকাল বিকেলে আভিযানিক দল গোপন সংবাদে লাবনী পয়েন্ট এলাকার সুগন্ধা-হোটেল কক্স টুডের পাকা রাস্তার পূর্ব পাশের কড়ই গাছের সামনে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ধেয়ে আসা কয়েকটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে মোটরসাইকেল না থামিয়ে কৌশলে চেকপোস্ট অতিক্রমকালে র্যাব সদস্যরা তাদের থামায়। এ সময় র্যাবের আভিযানিক দল মোটরসাইকেল আরোহীদের নাম-ঠিকানা জানতে চাইলে তারা তাদের পরিচয় দিতে অস্বীকৃতি জানায় এবং সরকারি কাজে সহযোগিতা না করে র্যাব সদস্যদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে র্যাবের আভিযানিক দলে থাকা সদস্যদের মারতে উদ্ধত হয় এবং তাদের গতিবিধি ও আচরণ দেখে ধারণা করা হয়, তাদের মধ্যে বেশির ভাগই মদ্যপ অবস্থায় ছিল।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আক্তার কামাল @ সোহেল (২৭), পিতা-মৃত মোক্তার আহম্মদ, ঘোনার পাড়া (নুর বেগমের বাড়ী), ৯নং ওয়ার্ড, কক্সবাজার, মোঃ নুরুল আমিন হেলালী (৩৪), পিতা-আব্দুল হাকিম, দক্ষিণ রুমালিয়ার ছড়া, ৬নং ওয়ার্ড, কক্সবাজার, ইয়াছিন আরাফাত (২৪), পিতা-সৈয়দুল হক, কুলিয়াপাড়া, ৯নং ওয়ার্ড, খুরুশকুল ইউনিয়ন ও মোঃ সাইফুল ইসলাম (৩৫), পিতা-নুরুল কবির, ঘোনার পাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, উক্ত এলাকায় রাতের অন্ধকারে সুযোগ বুঝে পর্যটকদের উপর হামলাসহ তাদের মূল্যবান জিনিসপত্র রেখে দিতো। এছাড়াও জনসম্মুখে মাতাল অবস্থায় বিভিন্ন বেআইনি কার্যকলাপ করে বলে জানা যায়I এলাকাটি কিছুটা অন্ধকারাছন্ন হওয়ার ফলে তারা সেখানে মদ ও বিভিন্ন মাদকের আসর বসিয়ে থাকে বলেও সরেজমিনে দেখা যায়।