রাজশাহীতে শুরু হয়েছে খেজুর রস সংগ্রহ গুড় তৈরীর ধুম,লক্ষমাত্রা ৮ কোটি টাকা
রাজশাহীর খেজুর গুড়ের রাজধানী খ্যাত বাঘা উপজেলায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরীর ধুম । গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধুবৃক্ষ খেজুর গাছ। শীত এগিয়ে আসছে। সেই সঙ্গে অযত্ন ও অবহেলায় বেড়ে ওঠা খেজুর গাছ গুলি থেকে সংগ্রহ করা হচ্ছে রস । তৈরী হচ্ছে গুড়। শুধু গুড়ই তৈরী হচ্ছে তা নয়, শীতকে ঘিরে গ্রামাঞ্চলে শুরু হয়েছে শীতের পিঠাপুলি , পায়েস খাওয়ার উৎসব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে প্রায় ৩০ হাজার গাছি কৃষি পরিবার রয়েছে। যাদের প্রত্যেকেরই কম-বেশি খেজুর গাছ আছে। সব মিলিয়ে আছে প্রায় ৩ হাজার খেজুর বাগান। সড়কপথ, রেললাইনের ধার, পতিত জমি, জমির আইল ও বাড়ির আঙিনাতে আছে আরও খেজুর গাছ। গুড়ের ভালো দাম দেখে বর্তমানে পদ্মার চরাঞ্চলের কৃষকরাও এখন খেজুর বাগান তৈরী করছেন। আশা করা যায় এর ফলে চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি।
মনোয়ার নামে এক গাছি কৃষক জানান,একজন গাছি প্রতিদিন ৪০-৪৫টির অধিক খেজুর গাছের রস সংগ্রহ করতে পারে। এ রকম কয়েকশত গাছি রয়েছে যারা শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহ করতে ব্যস্ত সময় কাটান। মৌসুম ভিত্তিক এই পরিবার গুলো খেজুর গাছের ওপর নির্ভরশীল। একজন গাছি এক মৌসুমে অর্থ্যাৎ ১২০ দিনে (৪মাসে)১টি গাছের রস থেকে প্রয় ২৫ কেজি গুড় পেয়ে থাকেন।
খেজুর গাছ ফসলের কোনো ক্ষতি করে না। এ গাছের জন্য বাড়তি কোনো খরচও করতে হয় না। ঝোপ-জঙ্গলে যত্ন ছাড়াই বড় হয়ে ওঠে এই গাছ। শুধু মৌসুম এলেই নিয়মিত গাছ পরিষ্কার করে রস সংগ্রহ করতে হয়।সেই রস দিয়ে তৈরী করা হয় সুস্বাদু গুড়।এই গাছের পাতা দিয়ে তৈরি করা হয় মাদুর।
পরিকল্পিত ভাবে খেজুর গাছ বৃদ্ধি করা হলে দেশে গুড়ের চাহিদা মেটানোর পরও বিদেশে রফতানি করা সম্ভব হবে বলে অনেকেই মন্তব্য করেন। বাঘার আমোদপুর গ্রামের গাছি জসিম উদ্দিন ও বেল্লাল হোসেন জানান, তাদের নিজেস্ব খেজুর বাগান আছে।অঞ্চলটি আম প্রধান এলাকা হওয়ায়, আম গাছ চাষের জন্য গত কয়েক বছরে বেশ কিছু খেজুর গাছ কেটে ফেলা হয়েছে।
যাদের খেজুর গাছ নেই তারাও মৌসুম চুক্তিতে খেজুর গাছ নিয়ে রস সংগ্রহ করে গুড় তৈরি করেন বলে জানা যায় । অনেকে ৩ থেকে ৪ মাসের জন্য খেজুর গাছ প্রতি ৪০০ থেকে ৫০০ টাকায় চুক্তি নিয়ে রস সংগ্রহ করে থাকেন। শীত শেষে তারা শহরে বিভিন্ন কাজ-সহ রিকসা ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন।
আড়ানী হামিদকুমড়া গ্রামের গৃহিণী কাজলী বেগম জানান তিনি তার ২ মেয়ে ও ২ ছেলের বিয়ে দিয়েছেন। শীতে জামাই- মেয়ে, নাতি- নাতনি, ছেলেদের শ্বশুর-শ্বাশুড়ী ও আত্নীয়দের নিয়ে ২-১ বার খেজুর গুড়ের পিঠা-পায়েস উৎসবের আয়োজন করেন। এ প্রথা তার শ্বশুর-শ্বাশুড়ীর আমল থেকে চলে আসছে।
তার ২০ টি খেজুর গাছ আছে। এ গাছ থেকে রস সংগ্রহ করে নিজেরা খান গুড় তৈরি করে তা বিক্রির পর যে টাকা পান তা সংসারে কাজে লাগান।
বাঘার বারখাদিয়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক জানান, বেশি শীত শুরু হলে পুর্ণদমে রস সংগ্রহ করা হবে। তখন গ্রামে গ্রামে শীতের সন্ধ্যায় সাজো রস পাওয়া যাবে। শহরগ্রামী লোকজন এই টাটকা রস খেতে গ্রামে আসেন। তিনি বলেন, বাজারে গুড় উঠেছে। তবে পরিপূর্ন শীত না নামায় এখনও পুরোদমে রস নামেনি। গুড়ের বাজারে বর্তমানে ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে গুড় কেনা-বেচা চলছে।পুর্ণদমে শীত নামলে গুড়ের বাজার মুল্য কমে আসবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান তারা কৃষকদের খেজুর গাছ লাগানোর পরামর্শসহ আখের পাতা ও ধানের খড় সংগ্রহ করার পরামর্শ দিচ্ছেন। যাতে গুড় তৈরি সহজ হয়। তিনি বলেন, বাঘার মানুষ একমাত্র খেজুর গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় ৭-৮ কোটি টাকা আয় করে থাকেন। তাঁর মতে, যদি কৃষকরা নিজ নিজ পতিত জমিতে খেজুর গাছ রোপন করেন, তাহলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে ব্যাপক অর্থ উপার্জন করা যাবে।