‘শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) মহোদয়ের ‘শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত।
আজ ২১/১১/২০২৪ খ্রি. তারিখ ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ পরিদর্শন শেষে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমেনা আবেদীন, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী এবং রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দিন। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ ও অন্যান্য কলেজে থেকে আগত শিক্ষকবৃন্দ। শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দ শিক্ষা ক্যাডারে নিয়মিত পদোন্নতি না হওয়া, আন্তঃক্যাডারে বিদ্যমান বৈষম্য, গ্রেড বঞ্চনা ইত্যাদি সমস্যার কথা প্রধান অতিথিকে অবহিত করেন। প্রধান অতিথি প্রফেসর ড. এম আমিনুল ইসলাম মনোযোগ সহকারে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সমস্যার কথা শুনেন এবং শিক্ষা ক্যডারে বিরাজমান বৈষম্য নিরসনসহ সকল সমস্যা দূর করার প্রতিশ্রুতি প্রদান করেন। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা ক্যাডারের সদস্যবৃন্দ দীর্ঘদিন ধরে প্রমোশন ও ক্যাডার মর্যাদার ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়ে আসছেন। অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’ এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম ক্যাডার কর্মকর্তাদের সকল দাবীর প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং ক্যাডারে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সবশেষে অধ্যক্ষ মহোদয় প্রধান অতিথি, বিশেষ আতিথি, উপস্থিত শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।