৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ প্রকাশ করতে পারে

47th BCS
অনলাইন ডেস্ক : ২৮ নভেম্বর ২০২৪ ০২:০২ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৮ নভেম্বর ২০২৪ ০২:০২ অপরাহ্ন
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ প্রকাশ করতে পারে
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আজ

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিছু বিষয়ে জটিলতা রয়েছে। সেগুলো নিরসন হলে বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল পিএসসি। আজ শেষ কর্মদিবস হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি। চাকরিতে প্রবেশের বয়স নিয়ে জটিলতা ছিল।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করায় সেই জটিলতা কেটে গেছে।

এছাড়া একজন প্রার্থী ঠিক কতবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন, তা ঠিক করে দিয়েছে সরকার। সেই নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে কিছু আলোচনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা রয়েছে। আজ মাসের শেষ কার্যদিবস হলেও বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। চেয়ারম্যানসহ সবাই আলোচনা করবেন। সিদ্ধান্ত হলে বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সেটা সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

সবশেষ তথ্যানুযায়ী- ৪৭তম বিসিএসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে।

এবার স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষা, প্রশাসনে, পুলিশ, কাস্টমস, আনসার, ট্যাক্সে এবং পররাষ্ট্র ক্যাডারেও বড় নিয়োগ হবে।