বিকেলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

the weather
অনলাইন ডেস্ক : ২৮ নভেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক : ২৮ নভেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ন
বিকেলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
......সংগৃহীত ছবি

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বিকেলের মধ্য ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এই তথ্য জানান।

সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ বিকেল নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা আছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ফেনগাল। এটি শ্রীলঙ্কার দিকে যাবে। বাংলাদেশে এর প্রভাব সেভাবে পড়ার আশঙ্কা নেই। বাংলাদেশের খুলনা, চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হবে। ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে।

সমুদ্রবন্দরের সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮২৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৭৭০ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৭১৫ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭১০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।