কক্সবাজারে ইয়াবা উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Yaba seized in Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৮ নভেম্বর ২০২৪ ০৮:১৯ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৮ নভেম্বর ২০২৪ ০৮:১৯ অপরাহ্ন
কক্সবাজারে ইয়াবা উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিকী ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসিন্দা হাফেজ আহমদকে (৩০) এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড (৩০ বছর) এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ঘটনার বিবরণ : ২০২১ সালের ৯ জানুয়ারি কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়-বাইশারী সড়কের রেনুরছড়া ব্রিজের কাছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি আটক করা হয়। চালক হাফেজ আহমদের স্বীকারোক্তি অনুযায়ী তার সিটের নিচ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজহারুল ইসলাম বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ছিল রামু থানা মামলা নম্বর: ০৭/২০২১।

বিচার কার্যক্রম : ২০২২ সালের ২৫ আগস্ট কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার চার্জ গঠন করা হয়। বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, আসামিপক্ষের জেরা, আলামত পর্যালোচনা এবং রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ করা হয়।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (গ) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত।

রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে দণ্ডিত হাফেজ আহমদকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে জানান আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রিদুয়ানুল হক।