৩০ নভেম্বর রাতের আলোচিত সব খবর
ইসকন নিষিদ্ধের বিষয়ে জানালেন প্রেসসচিবের বক্তব্য, সাংবাদিক ইলিয়াসের বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রতিক্রিয়া, সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার ও পরবর্তীতে পরিবারের জিম্মায় মুক্তি সহ শনিবার (৩০ নভেম্বর) রাতে যেসব ঘটনা ঘটেছে তা তুলে ধরা হলো।
★ইসকন নিষিদ্ধের বিষয়ে জানালেন প্রেসসচিব:-
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। দেশে সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই। আর ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনাও সরকারের নেই।
শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শফিকুল ইসলাম। ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
শফিকুল আলম এমন সময় এ মন্তব্য করলেন যখন বহিষ্কৃত ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে এবং আইনজীবী সাইফুল ইসলামকে হত্যায় ইসকনকে দায়ী করে সংগঠনটির নিষিদ্ধের দাবি জোরদার হয়েছে।
তিনি বলেন, আমি মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানি না, তবে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা হবে না। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। বিষয়টি নিয়ে অযথা অপপ্রচার চালানো হচ্ছে।
★ইলিয়াসের বক্তব্য নিয়ে কথা বললেন আইন উপদেষ্টা
একটি ভিডিওতে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেনের করা অভিযোগ সম্পর্কে নিজের ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেছেন, একটা ভিডিওতে দাবি করা হয়েছে, ৩-৪ আগস্ট রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। মিথ্যা কথা কেন বলব?
শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) আয়োজনে ‘স্মৃতির মিনার: গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক এক অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, ‘আপনি সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবির একটা সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগতভাবে বললাম শুধু আমার ক্ষেত্রে। কার ক্ষেত্রে হচ্ছে না?
★সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার ও পরিবারের জিম্মায় মুক্তি:-
টেলিভিশন উপস্থাপিকা ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর কাওরানবাজারে স্থানীয়রা তাকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় মুন্নী সাহাকে স্থানীয় লোকজন ঘিরে ফেলে। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নেয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
গ্রেফতারের পর টেলিভিশন উপস্থাপিকা ও সাংবাদিক মুন্নী সাহা প্যানিক অ্যাটাকে ‘অসুস্থ’ হয়ে পড়েছেন। পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। বিস্তারিত জানতে ক্লিক করুন।
★উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, তাণ্ডব শুরু:-
ভারতের তামিলনাড়ু রাজ্যের সৈকতে আছড়ে পড়েছে (ল্যান্ডফল) ঘূর্ণিঝড় ফিঞ্জাল। আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঝড়টি তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস । তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে জারি হয়েছে রেড অ্যালার্ট।
ভারতের আবহাওয়া অফিসের (আইএমডি) বরাতে এনডিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল তামিলনাড়ু উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ ৭০-৮০ কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উপকূল অতিক্রম করতে ঘূর্ণিঝড়টি ৩-৪ ঘণ্টা সময় নেবে।
ফিঞ্জালের প্রভাবে চেন্নাই ও উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।
★গাজীপুরে নিরাপত্তাকর্মী নিহতের খবরে ৩ বাসে আগুন, মহাসড়ক অবরোধ:-
গাজীপুরের সড়ক দুর্ঘটনায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহতের খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে আরও কয়েকটি যানবাহন। একই সঙ্গে অবরোধ করেছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
শনিবার ৩০ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটি করপোরেশনের তারগাছ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অনন্ত ক্যাজুয়েল কারখানার নিরাপত্তাকর্মী মুন্নাফ মালিথাকে বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে তার ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন, কয়েকটি যানবাহন ভাঙচুর ও মহাসড়কে অবরোধ করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।