নাছিরের ভেগদখলীয় জমি দখল চেষ্টা, হামলার অভিযোগ
কক্সবাজার পৌরসভার কলাতলি লাইটহাউজ সৈকত পাড়ার বাসিন্দা নাছির উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার দখলবাজ ও ভূমিদস্যুদের নির্মম নির্যাতন ও হামলার শিকার হয়ে আসছেন। তার মাথাগোঁজার ঠাঁইটুকু রক্ষা নিয়ে জীবন শংকায় ভুগছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগি নাছির (৪০), পিতা-মৃত মকবুল আহমদ, সৈকতপাড়া, লাইটহাউজ, কক্সবাজারে বসবাসরত। এলাকায় দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে তার শান্তিপূর্ণ বসবাস রয়েছে৷
অভিযোগে নাছির বলেন, বড় ভাই মৃত্যুবরণ করায় আমি তাঁর জমিতে শান্তিপূর্ণ ভোগ দখলে আছি। ভোগ দখলকালীন কারো সাথে তার কোন বিরোধ বা ঝামেলা নেই। ইদানিং তপশীলোক্ত জমির মূল্য বৃদ্ধি পাওয়ার সুযোগে ওই জমির প্রতি কুনজর পড়ে একশ্রেণির দখলবাজ ও ভূমিদস্যুদের। এরই ধারাবাহিকতায় তারা ভাড়াটিয়া গুণ্ডা বাহিনী নিয়ে আমার ভাইয়ের মালিকানাধীন ও ভোগ দখলীয় জমিতে স্থিত দোকান এবং বাড়িঘর জোরপূর্বক জবর দখলের জন্য পাঁয়তারা করে আসছে। জমি হতে চলে যাওয়ার জন্য হুমকি ধমকি দিয়ে আসছে৷ অন্যথায় তাকে ও তার পরিবারের সদস্যদের অপহরণ ও প্রাণে মারার হুমকি প্রদান এবং প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজ করছে।
এরই ধারাবাহিকতায় বিগত ২৫/১১/২০১৪ইং রাত পৌনে ৯টায় উপরোক্ত অপরাধীরা নাছিরের ব্যবসা প্রতিষ্ঠান হোটেল ক্লাসিক-সি রিসোর্টের অফিসের সামনে অতর্কিত অবস্থায় লোহার রড, কাঠ ও কিরিচ নিয়ে এসে তাকে একা পেয়ে ব্যাপক মারধর করে গুরুতর করে। ঘটনাস্থলে দেখে নাছিরের অন্তঃসত্ত্বা স্ত্রী এগিয়ে আসলে তাকেও কিল, ঘুষি, লাথি ও টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়।
এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। নাছির বাদী হয়ে দায়ের করা অভিযোগে অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আবদুল মান্নানের দুই পুত্র রিপন ও আজিজুল হক এবং তাদের মা ফাতেমা বেগম।
বিষয়টি নিয়ে হামলাকারীদের অব্যাহত নির্যাতন, হুমকিদমকি এবং দখল আশংকায় জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নাছির। এব্যাপারে তিনি জরুরি প্রতিকার কামনা করেছেন।
উপরোক্ত বিষয়ে কথা হলে সৈকতপাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি শরাফত উল্লাহ বাবুল জানান, নাছিরের বিষয়টি পুলিশের কাছে তদন্তাধীন আছে। আশা করছি শান্তিপূর্ণ সমাধান হবে।
কক্সবাজার সদর মডেল থানার এএসআই শফিক জানান, অভিযোগ পেয়েছি নাছিরের। এর আগেও চেষ্টা করেছি শান্তিপূর্ণ সমাধানের হয়নি। সহসা আবার বসে কি করা যায় দেখবো।