‘সুলতানার স্বপ্ন’ অডিওবুক উদ্বোধন
নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা অনবদ্য এক সৃষ্টি ‘সুলতানার স্বপ্ন’। ১৯০৫ সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে সুলতানা’স ড্রিম শিরোনামে এই উপন্যাসিকাটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯০৮ সালে পুস্তক আকারে প্রকাশিত হয়। সমাজের চালিকাশক্তি হিসেবে নারীর অবস্থানকে মেলে ধরা নারীবাদী স্বপ্নরাজ্যের গল্পময় উপন্যাসিকাটি ১৯২২ সালে বাংলায় প্রকাশিত হয় ‘সুলতানার স্বপ্ন’ নামে। সম্প্রতি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রস্তাবনায় ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে গ্রন্থটি। ইউনেস্কো কর্তৃক এই স্বীকৃতি উদ্যাপনের জন্য ঢাকা মহানগরীর বিভিন্ন গণ-গ্রন্থাগারের সহযোগিতা ও সম্পৃক্তিতে মুক্তিযুদ্ধ জাদুঘর বিশেষ পাঠ উদ্যাপন কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ‘সুলতানার স্বপ্ন’-এর অডিওবুক উদ্বোধন করা হয় রবিবার।
এদিন মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে পাঠ উদ্যাপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশস্থ ইউনেস্কো প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ। অনুষ্ঠানে ‘সুলতানার স্বপ্ন’-এর অডিওবুক উদ্বোধন করা হয়। অডিওবুকটি বাংলায় পাঠ করেন বিশিষ্ট অভিনেত্রী ত্রপা মজুমদার এবং ইংরেজিতে পাঠ করেন ওয়ার্দা আশরাফ। মুক্তিযুদ্ধ জাদুঘরের ইউটিউব চ্যানেলে অডিওবুকটি শোনা যাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের। বক্তব্য রাখেন ট্রাস্টি মফিদুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টি ডা. সারওয়ার আলী। বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক মো: শাহনেওয়াজ ও সদস্য সচিব মো: জহির উদ্দিন এবং শহীদ বাকী স্মৃতি পাঠাগারের সম্পাদক আনিসুল হক তারেক শুভেচ্ছা বক্তব্য দেন। সুলতানার স্বপ্ন-এর পাঠ-প্রতিক্রিয়া ব্যক্ত করেন সীমান্ত গ্রন্থাগারের পাঠক ইডেন মহিলা কলেজের ¯স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী জাহানারা আক্তার।
নির্মাতা আমিনুল আক্রাম নির্মিত সুলতানার স্বপ্ন-এর সূচনা পর্বের চলচ্চিত্রায়ণ অনুষ্ঠানে প্রদর্শিত হয়। কামাল স্মৃতি পাঠাগার, শহীদ রুমি স্মৃতি পাঠাগার ও আলোকবর্তিকা গ্রন্থালয়-এর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে সুলতানার স্বপ্ন পাঠ উদযাপন উদ্বোধনী সমাপ্ত হয়।
পাঠ প্রতিক্রিয়ায় অংশগ্রহণকারী গ্রন্থাগারসমূহকে ইউনেস্কো বাংলাদেশ থেকে প্রকাশিত কিছু প্রকাশনা প্রদান করা হয়।