বাংলাদেশ–ভারতের পররাষ্ট্রসচিব বৈঠকে বসেছেন

Foreign Secretary of Bangladesh-India sat in the meeting
অনলাইন ডেস্ক : ০৯ ডিসেম্বর ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৯ ডিসেম্বর ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ন
বাংলাদেশ–ভারতের পররাষ্ট্রসচিব বৈঠকে বসেছেন
.....সংগৃহীত ছবি

বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আজ সোমবার বেলা ১১টার দিকে বৈঠকে বসেছেন দুই দেশের পররাষ্ট্রসচিব। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক শুরু হয়েছে।  

এরআগে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সোমবার সকালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় আসেন। 

গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির এটিই প্রথম ঢাকা সফর। বৈঠকে ভারতকে বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা বোঝার আহ্বান জানাবে ঢাকা।

জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটি হবে বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী, তিনি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে একান্তে বৈঠক করবেন। সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।