রহমতপুরে পাহাড় কর্তনে সিন্ডিকেট, দখলবাজি
কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের একটি অংশ এবং সদরের ১নং ওয়ার্ডের ঝিলংজার বিভিন্ন পয়েন্টে পাহাড় কর্তনকারিরা বেপরোয়া হয়ে উঠেছে। সমতল করে গড়া হচ্ছে অহরহ বাড়ি ও প্লট। এরমধ্যে ঝিলংজার জেল গেইট এলাকার পালস স্কুলের পেছনে রহমতপুর অন্যতম।
গতকাল সরেজমিনে দেখা যায়, এখানে বসতি স্থাপনের হিড়িক পড়েছে। চাহিদার সাথে পাল্লা দিয়ে কাটা হচ্ছে পাহাড়। একজনের একাধিক খালি জায়গা ও প্লটের সন্ধান পাওয়া গেছে। এ এলাকায় নেজাম (প্রকাশ নেজাম ডাক্তার) নামের একজন ব্যক্তি কউকের অনুমোদনহীন ৩ তলা বাড়ি করেছেন। বাঁশখালী থেকে আসা এই ব্যক্তি একসময় ওষুধ কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে তিনি বছরতিনেকের ব্যবধানে বেশ কয়েকটি জমিজমার মালিক হয়েছেন ৷ গোডাউন খুলে ওষুধ বিক্রি করলেও তার এসব কাজ দৃশ্যমান নয়। রহস্যজনক এমনটা বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকে।
অভিযোগ পাওয়া যায়, দখলবাজিতেও জড়িত নেজাম। তার সাথে আছেন মৃত আবু আহমদের মেয়ে প্রবাসী ফারহানা খানম ইনি। ইনি ছড়া কেটে বিশাল জমি নিজের আয়ত্বে নিয়েছেন। এই সিন্ডিকেটের অধীনে রয়েছে অনেক জায়গা। তবুও তারা মানুষের আশপাশের জায়গা তাদের কব্জায় নিয়ে মরিয়া হয়ে উঠেছেন। দখলবাজি ও বিভিন্ন কর্মে ব্যবহার করছেন রোহিঙ্গা। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের নানাভাবে হেনস্তার শিকার হতে হয়। চালানো হয় অসত্য অপপ্রচার।
নাম প্রকাশ না করার শর্তে একজন সমাজ কর্মী জানান, ৩ বছর আগে কি ছিলো তার এখন এতো অট্টালিকা হলো কি করে তা দুদক অনুসন্ধান চালালে সহজে বের হয়ে আসবে তলের বিড়াল। সমাজে এমনও লোক আছেন যুগের পর যুগ একটি জায়গা কিংবা একগন্ডা জমি কিনে বসতি স্থাপন করতে পারেন না সেখানে কিভাবে নেজাম-ইনিরা বাড়ি, প্লট, ফ্লাটের মালিক হন। রহমতপুর কি পুরো এলাকা তাদের হাতে চলে যাবে।
অভিযোগ বিষয়ে নেজাম জানান, কে বা কারা তার বিরুদ্ধে এসব করছেন তিনি জানেন। লাখ টাকা বেতনে একসময় চাকরি করতেন ওই টাকায় তিনি এসব করেছেন বলে দাবি করেন। কোন অন্যায়, অনিয়ম, দখলে জড়িত নাই জানান।
সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেন, আমরা অনেক আগে পালস স্কুল এর পেছনে ওই এলাকায় অভিযান করেছি ইউএনও ও এসিল্যান্ড মহোদয়ের নেতৃত্বে। এই এলাকার দেখভাল ওনাদের হাতে৷ বনবিভাগ সাথে থাকেন। এলাকাটি জেলা প্রশাসনের ১নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত।