বাবুডাইং আলোর পাঠশালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এছাড়া বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধেও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এ উপলক্ষে সকাল নয়টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর মহল্লায় মহানন্দা নদীর তীরে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় চত্বরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক সোনিয়া খাতুন ও উম্মে কুলসুম।
এরপর বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রাম্য মোড়ল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুরেন কোল টুডু, মাধব কোল সরেন, সহকারী শিক্ষক শিরিনা খাতুন, শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির ছাত্র শিমন্ত টুডু। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন করতে আমাদের মুক্তিযোদ্ধাদের দীর্ঘ নয় মাস পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। অনেক মা-বোন হারিয়েছেন তাঁদের সম্ভ্রম। মা হারিয়েছেন স্বামী-সন্তান, বাবা হারিয়েছেন স্ত্রী-সন্তান, ছেলে হারিয়েছে বাবা-মা। মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত দেখে পাকিস্তানি বাহিনী এ দেশকে চিরতরে পঙ্গু করতে আমাদের শিক্ষক, চিকিৎসক, লেখকসহ নানা শ্রেণির বুদ্ধিজীবীদের ধরে আজকের এ দিনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল। শহীদদের এ বলিদান আমরা বৃথা যেতে দিতে পারিনা। আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশপ্রেমকে মনের মধ্যে লালন করে দেশসেবার কাজে যুক্ত হতে হবে। তবেই আমাদের এ দেশটি সফল হবে।