চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালন

Martyrdom anniversary of Captain Mohiuddin Jahangir
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ ০২:১৩ অপরাহ্ন সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ ০২:১৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালন
চাঁপাইনবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদতবার্ষিকী পালন করেছে প্রথম আলো বন্ধুসভা।

চাঁপাইনবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদতবার্ষিকী পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। শনিবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লায় মহানন্দা নদীর তীরে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় চত্বরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ ও দোয়ার আয়োজনও করা হয়।

এসময় স্মৃতিসৌধে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পাশাপাশি পুষ্পাঞ্জলি অর্পণ করে বন্ধুরা। পুষ্পাঞ্জলি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশ্যে দোআ অনুষ্ঠিত হয়।

এরপর সেখানে বন্ধুসভার বন্ধুদের নিয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর স্মরণে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আরাফাত মিলেনিয়ামের সভাপতিত্বে মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বগাঁথা ও মহান মুক্তিযুদ্ধের আদর্শ-চেতনা বিষয়ে কথা বলেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।

এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের অনুপ্রেরণার উৎস। দেশকে স্বাধীনতার জন্য তাঁদের আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। তাঁরা যে উদ্দেশ্যে আত্মত্যাগ করেছেন, সেই শোষণ ও বঞ্চনার কাজ আজও অব্যাহত রয়েছে। আমরা আজও পুরোপুরি মুক্ত হতে পারিনি। তাই আমাদের দেশকে ভালোবাসতে হবে। তাঁদের মত আমাদেরও বুকের ভেতরে দেশপ্রেমকে লালন করতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। তাঁদের স্মরণে রাখতে হবে। আমাদের গর্ব সাতজন বীরশ্রেষ্ঠদের মধ্যে একজন এখানে আছেন। প্রথম আলো বন্ধুসভা প্রতিবছরই তাঁর স্মরণে এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে থাকে। তা অব্যাহত রাখতে হবে বন্ধুদের।

মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করে কবি বীর মুক্তিযোদ্ধা হেলাল হাফিজের একটি কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মতিউর রহমান, বইমেলা সম্পাদক ওজিফা খাতুন, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক আরেফিন অপু, কার্যকরি সদস্য সোনিয়া খাতুন, বন্ধু নাফিউল হাসান, সাকিব হাসান, জোবায়ের আলী, উৎস, আলী আসার দীপ প্রমূখ।