দখলবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজমুক্ত কক্সবাজার গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গতকাল দুপুরে সুগন্ধা পয়েন্টস্থ এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
তিনি বলেন, কক্সবাজার আন্তর্জাতিক সিটি। এখানে প্রায় ৩ হাজার বিদেশি নাগরিক বসবাস করেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, রেঁস্তোরা পেশাকে উৎকর্ষ সাধনের মাধ্যমে কক্সবাজারকে দেশ তথা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। এজন্য প্রয়োজন ট্রেনিং সেন্টার।
তিনি বলেন, বদলে যাওয়া এই নতুন বাংলাদেশে কক্সবাজারে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা। দখলবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজমুক্ত কক্সবাজার গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব ইমরান হোসাইন বলেছেন, রেঁস্তোরা শুধুমাত্র খাবার হোটেল না, এটি এখন শিল্প। রাষ্ট্র স্বীকৃত এই শিল্পে প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ কোটি মানুষ নির্ভরশীল।
তিনি বলেন, সারা দেশে ৪ লাখ ৮১ হাজার রেঁস্তোরা রয়েছে। এতে ৩০ লাখ মানুষ কর্মরত রয়েছেন। পাশাপাশি রেঁস্তোরাকে উপলক্ষ করে প্রায় ২ কোটি মানুষ জীবন ধারণ করে। অথচ দেশের এই বিশাল শিল্পের উন্নয়নে রাষ্ট্রের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এই শিল্পকে বাঁচাতে গেলে সর্বাগ্রে প্রয়োজন সু-চিন্তিত পরিকল্পনা।
সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শরাফত উল্লাহ বাবুল, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, অর্থ সম্পাদক মাসুদ আলম, জাবেদ ইকবাল, রুবেল উদ্দিন, নাছির উদ্দিন, রফিকুল কাদের, জসিম উদ্দিন ও ফরিদুল আলম প্রমূখ।
পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আলীকে সভাপতি, কামরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, জাবেদ ইকবালকে সাধারণ সম্পাদক, মাসুদ আলমকে কোষাধ্যক্ষ ও আবছার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।