গাজীপুরবাসীর জন্য একদিনে ২ সুখবর

Muhammad Fawzul Karim Khan
অনলাইন ডেস্ক : ১৫ ডিসেম্বর ২০২৪ ০২:১০ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১৫ ডিসেম্বর ২০২৪ ০২:১০ অপরাহ্ন
গাজীপুরবাসীর জন্য একদিনে ২ সুখবর
কমিউটার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান। ...... সংগৃহীত ছবি

কাজ শুরুর এক যুগ পর ১০টি বাস নিয়ে চালু হলো বিআরটি বাস সার্ভিস। পাশাপাশি ঢাকা-জয়দেবপুর রুটে চালু হয়েছে চারটি কমিউটার ট্রেন। আজ রবিবার সকাল ৭টায় জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান। এতে খুশি গাজীপুরবাসী।

২০১২ সালে শুরু হয় বিআরটি প্রকল্প। ২০১৬ সালে চালু কথা থাকলেও দফায় দফায় বাাড়নো হয় সময়। সবশেষে আগস্টেও উদ্বোধন করা যায়নি রাজনৈতিক পরিস্থিতির জন্য। অবশেষে আলোর মুখ দেখল বিআরটি প্রকল্প। গাজীপুরের শিববাড়ী থেকে বিমানবন্দর। বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলবে বিআরটির ১০টি এসি বাস।

এ সময় ফাওজুল করিম খান বলেন, বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা–জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করলাম। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেন ঢাকায় অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণির জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আমরা এরপর নরসিংদী–ঢাকা ও নারায়ণগঞ্জ–ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক নাহিদ হাসান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা গাজীপুর রুটে দুই জোড়া ট্রেন চালু করা হবে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রেনগুলোর মধ্যে তুরাগ কমিউটার ঢাকা থেকে ছাড়ার সময় ভোর ৫টা আর জয়দেবপুর পৌঁছানোর সময় সকাল ৬টা। বিরতি থাকবে বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। জয়দেবপুর কমিউটার ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে আর জয়দেবপুর পৌঁছাবে ৬টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। আবার জয়বেদপুর থেকে তুরাগ কমিউটার ছাড়বে সকাল সাড়ে ৬টায় আর ঢাকা পৌঁছাবে সকাল ৭টা ৪০ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর, ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনে। আর জয়দেবপুর কমিউটার জয়দেবপুর থেকে ছাড়বে ৭টা ১০ মিনিটে ও  ঢাকায় আসবে ৮টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এই ট্রেন আবার ঢাকা থেকে ছেড়ে যাবে বেলা ১১টায় ও পৌঁছাবে দুপুর ১২টায়। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। একই স্টেশনে বিরতি দিয়ে জয়দেবপুর কমিউটার জয়দেবপুর ছাড়বে দুপুর সাড়ে ১২টায় ও ঢাকায় আসবে বেলা ১টা ৪০ মিনিটে।

অন্যদিকে তুরাগ কমিউটার সকাল ৫টা ২০ মিনিটে জয়দেবপুর ছাড়বে ও ঢাকায় আসবে সকাল ৬টা ৪০ মিনিটে। আবার জয়দেবপুর ছাড়বে সকাল ৯টা ৪৫ মিনিটে ও ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ১৫ মিনিটে। তুরাগ কমিউটারের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও জয়দেবপুর কমিউটারের শনিবার। এই ট্রেনগুলোর টিকিট শুধু নির্দিষ্ট স্টেশন থেকে ইস্যু করা হবে।