পশ্চিম লারপাড়ার ইসলামাবাদে মাদক কারবার
কক্সবাজার বাস টার্মিনাল এলাকার পশ্চিম লারপাড়ার ইসলামাবাদে সক্রিয় রয়েছে বিভিন্ন অপরাধী। এদের মধ্যে অনেকে পেশাদার মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িয়ে আছে।
বিভিন্ন সময় এখান থেকে মাদক সহ অনেক কারবারি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তারপরও থেমে নেই মাদক কারবার ৷
অভিযোগ আছে, এক পরিবারে স্বামী, স্ত্রী, ছেলে ৩ জনই মাদক সংশ্লিষ্ট। তারা খুব ভোরে প্রায়ই অত্যন্ত সুকৌশলে মাদক হাতবদল করে লাখ লাখ টাকার ব্যবসা করছেন। টেকনাফ থেকে আনা হয় ইয়াবা। সুযোগ বুঝে ঢাকা-চট্টগ্রাম যায় চালান। ছেলে মোটরসাইকেল হাঁকিয়ে করেন কারবার। এদের সিন্ডিকেট সক্রিয় রয়েছে সার্বক্ষণিক মাদক কারবারে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, এ এলাকায় বসবাসরত আবদুর রহমানের পুত্র নুর হোসেন তার স্ত্রী ও ছেলে সহ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। নানা কৌশল অবলম্বন করে তারা এ ব্যবসা টিকিয়ে রেখেছেন। ইতিপূর্বে নুর হোসেন ২০২২ সালে মাদক নিয়ে আটক হয়েছিলেন।
অভিযুক্ত পরিবারের নুর হোসেন বলেন, এসব কাজে অনেকে জড়িত। তার বিরুদ্ধে কেন লাগা হচ্ছে। অতীতে মাদক নিয়ে আটকের বিষয়ে তিনি কথা বলতে নারাজ।
প্রতিবেদকের সাথে কথা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা জানান, মাদক সংশ্লিষ্ট কারো ছাড় নেই। আমাদের নিয়মিত অভিযান চলছে। অভিযুক্ত পরিবারের বিষয়টি দেখছি।