স্বাগতম ২০২৫ : পর্যটকে মুখর কক্সবাজার
বছরের শেষ সূর্য দেখতে এবং নতুন বর্ষ বরণে কক্সবাজার এখন পর্যটকে মুখর। দেশের নানা প্রান্ত থেকে পর্যটক আগমনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আগে থেকে ৮০/৯০ শতাংশ হোটেল বুকড হয়ে গেছে। বাকিটুকুও খালি থাকছে না।
২০২৪ সনের শেষ দিন ৩১ ডিসেম্বর এবং ২০২৫ সনের প্রথম দিন ১ জানুয়ারি ২০২৫ বিশেষ দুটি দিনে প্রতি বছরের ন্যায় লাখো পর্যটকের আগমন ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সরেজমিনে ৩১ ডিসেম্বর দেখা যায়, বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক। লাবণি ও কলাতলি ইউনিভার্সিটি মোড়ের চেয়ে সুগন্ধা পয়েন্ট পর্যটকদের ভারে প্রাণ ফিরে পেয়েছে। এমনিতে এই বিচ পয়েন্টটি সবসময় জমজমাট থাকে।
খবর পাওয়া যায়, পর্যটকরা কক্সবাজার এসে নির্ধারিত কক্ষে অবস্থান নিয়ে বিচ হয়ে দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাটুয়ারটেক, মাথিন কুপ, সেন্টমার্টিন, সোনাদিয়া, রামুর নান্দনিক স্পট গুলো এবং সাফারি পার্ক ঘুরে বেড়ান। আনন্দ উদযাপন করে ফিরেন নিজ নিজ গন্তব্যে।
চলমান শীতে এবার বিশেষ আকর্ষণ বিচের পাশে শুরু হওয়া মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা।
হোটেল, মোটেল ও গেস্ট হাউস ব্যবসায়ীরা জানান, ছেলেমেয়েদের বার্ষিক পরীক্ষা শেষ এবং শীত সময় মিলে ডিসেম্বর পর্যটক সমাগম আশাতীত রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
ঢাকা থেকে আসা স্কুল শিক্ষক রকিবুল আলম জানান, তারা সহকর্মীরা মিলে কক্সবাজার ট্যুরে এসেছেন। সৈকতের পরিবেশ ও প্রকৃতি উপভোগ করে ভালো লাগছে। তবে স্বাভাবিক অবস্থার চেয়ে হোটেল ভাড়া একটু বেশি নেয়া হচ্ছে। পর্যটক বেশি হওয়ায় এমন পরিস্থিতি বলে মন্তব্য করেন তিনি।
কক্সবাজার হোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি কবি আবুল কাসেম সিকদার ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জানিয়েছেন, স্ব স্ব জায়গা থেকে আমরা পর্যটকদের সার্বিক সেবা দিয়ে আসছি। কারণ তারা আমাদের মেহমান। ৪/৪৫০ আবাসিক প্রতিষ্ঠানের প্রায় কক্ষ বুকিং চলছে। হিসেবে লাখের কাছাকাছি পর্যটক কক্সবাজার অবস্থান করছে।
সেন্ডি বিচ হোটেল ও রেস্তোরাঁর ম্যানেজিং ডিরেক্টর ও বৃহত্তর বিচ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আবদুর রহমান বলেন, পর্যটকে মুখরিত কক্সবাজার চেনা রূপে ফিরেছে। পর্যটক আসায় ব্যবসায়ীরা আনন্দিত।
বৃহত্তর সুগন্ধা বিচ ব্যবসায়ি ও দোকান মালিক সমিতির সভাপতি, শহর যুবদল যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন দৈনিক স্বদেশ প্রতিদিনকে জানান, বিচের সৌন্দর্য ও শৃঙ্খল পরিবেশ রক্ষায় আমাদের দক্ষ টিম সার্বক্ষণিক তৎপর রয়েছে। প্রশাসন দেখভাল করছে। পর্যটক আগমন আশাতীত হওয়ায় সর্বস্তরের ব্যবসায়িরা খুশি।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, পর্যটক আসছে আশাতীত। তাদের সেবায় আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের রয়েছে দক্ষ বিচ কর্মী।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, পর্যটক আগমনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সৈকতে পর্যাপ্ত পুলিশী টহল রয়েছে। বিশেষ ভাবে পুরো সৈকত নজরদারির আওতায় আছে।