জান্নাতে ডালিমসহ আরও যেসব ফল থাকবে

There will be pomegranates and other fruits in Paradise
অনলাইন ডেস্ক : ০৬ জানুয়ারি ২০২৫ ১২:১৫ অপরাহ্ন ধর্ম
অনলাইন ডেস্ক : ০৬ জানুয়ারি ২০২৫ ১২:১৫ অপরাহ্ন
জান্নাতে ডালিমসহ আরও যেসব ফল থাকবে
......সংগৃহীত ছবি

পুষ্টিসমৃদ্ধ সুমিষ্ট ফল ডালিম। রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ উপকারী ফল ডালিম। সুস্বাদু হওয়ায় ফলটির প্রতি কমবেশি সবারই আগ্রহ রয়েছে। শরীরের ভিটামিন ঘাটতি পূরণে প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফল রাখা যেতে পারে।

এক কাপ পরিমাণ ডালিমের দানায় প্রতিদিনের চাহিদার প্রায় ৩৬ শতাংশ ভিটামিন কে, ৩০ শতাংশ ভিটামিন সি, ১৬ শতাংশ ভিটামিন বি৯ ও ১২ শতাংশ পটাশিয়াম থাকে। 

ফল ছাড়াও ডালিমের খোসায় রয়েছে ঔষধি গুণ। এর খোসার মাধ্যমে তৈরি চা গলা ব্যাথা, মাড়ির প্রদাহ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ মোকাবিলায় উপকারী।

ডালিমের খোসায় উপকারিতা নিয়ে হজরত আলী রা. বলেন, ‘তোমরা খোসাসহ ডালিম খাও। কেননা তা পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে।’ (মাজমাউজ জাওয়ায়েদ : ৫/৯৯)

বিভিন্ন উপকারিতার কারণে মানুষ ফলটি খেয়ে থাকেন। এই ফলটির কথা পবিত্র কোরআনেরও বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা জান্নাতবাসীদের যেসব ফলমুল খেতে দেবেন সেই তালিকায় ডালিম বা আনারের কথাও রয়েছে। কোরআনে ফলটিকে রুম্মান শব্দে সম্বোধন করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আর রাহমানের আল্লাহ তায়ালা বলেছেন—

 فِیۡهِمَا فَاكِهَۃٌ وَّ نَخۡلٌ وَّ رُمَّانٌ

সেখানে রয়েছে ফলমূল—খেজুর ও আনার। (সূরা আর-রাহমান, আয়াত : ৬৮)

এছাড়াও পবিত্র কোরআনের আরেক স্থানে রুম্মান বা আনারের আলোচনা এসেছে। মহান আল্লাহ বলেন,

وَ هُوَ الَّذِیۡۤ اَنۡشَاَ جَنّٰتٍ مَّعۡرُوۡشٰتٍ وَّ غَیۡرَ مَعۡرُوۡشٰتٍ وَّ النَّخۡلَ وَ الزَّرۡعَ مُخۡتَلِفًا اُكُلُهٗ وَ الزَّیۡتُوۡنَ وَ الرُّمَّانَ مُتَشَابِهًا وَّ غَیۡرَ مُتَشَابِهٍ ؕ كُلُوۡا مِنۡ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثۡمَرَ وَ اٰتُوۡا حَقَّهٗ یَوۡمَ حَصَادِهٖ ۫ۖ وَ لَا تُسۡرِفُوۡا ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ

‘আর তিনিই সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ, যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না এবং খেজুরগাছ ও শস্য, যার স্বাদ বিভিন্ন রকম, জয়তুন ও আনার (ডালিম), যার কিছু দেখতে এক রকম আর কিছু ভিন্ন রকম।

তোমরা তার ফল থেকে আহার করো, যখন তা ফল দান করে এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও আর অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।’ (সূরা আনআম, আয়াত : ১৪১)

তাফসিরবিদদের মতে, এখানে ফলমূলের কথা উল্লেখ করে আলাদা করে আবার খেজুর, ডালিমের কথা উল্লেখ করার কারণ হলো খেজুর ফল ও খাবার, আর ডালিম হলো ফল ও ওষুধ। (কুরতুবি)

জান্নাতে শুধু ডালিম বা এখানে উল্লেখিত ফলগুলোই থাকবে না। এর থেকেও আরও অনেক বেশি প্রকারের ফলমূল থাকবে। যা মানুষের ধারণার বাইরে। চিরস্থায়ী জান্নাতে যেসব নেয়ামত রয়েছে তা মানুষের কল্পনার বাইরে। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তায়ালা বলেছেন—

আমি আমার নেক বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছি যা কোন চোখ কখনো দেখেনি, কোন কান কখনো শুনেনি এবং কোন অন্তর যা কখনো চিন্তাও করেনি। এসব নেয়ামত আমি জমা রেখে দিয়েছি। তবে আল্লাহ তোমাদেরকে যা অবগত করিয়েছেন...। (মুসলিম শরিফ, ৬৮৭২)