ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

The businessman died trying to stop the quarrel
অনলাইন ডেস্ক : ০৮ জানুয়ারি ২০২৫ ০২:০৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৮ জানুয়ারি ২০২৫ ০২:০৪ অপরাহ্ন
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
.......সংগৃহীত ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে ঋণের টাকা আদায়কে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত চারজন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে নালিতাবাড়ীর দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর এলাকার তুরাব আলীর ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের শেখ ফরিদের কাছে কিছুদিন আগে একই এলাকার রিকশাচালক তারা মিয়া সুদে টাকা ধার নেন। মঙ্গলবার রাত ৮টার দিকে দেলোয়ারের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে ফরিদ, আলম ও রবিউলের সঙ্গে তারা মিয়ার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে হাতাহাতি হলে দেলোয়ার তাদের থামাতে যান। এ সময় দায়ের কোপে দেলোয়ারসহ পাঁচজন আহত হন।

আহতদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ারের মৃত্যু হয়। আহত চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।