নোয়াখালীর হাসপাতালের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে

Hospital in Noakhali
অনলাইন ডেস্ক : ০৮ জানুয়ারি ২০২৫ ০৩:১৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৮ জানুয়ারি ২০২৫ ০৩:১৩ অপরাহ্ন
নোয়াখালীর হাসপাতালের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে
......সংগৃহীত ছবি

নোয়াখালী সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। ঘটনার পরপরই বিএনপি পরিচয়ে নেতাকর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি দাবি করে ভাঙচুর চালান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাসপাতাল রোডের সিটি হসপিটাল প্রাইভেটের মূল ফটকের ডিসপ্লেতে এই লেখা ভেসে উঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের সিটি হসপিটাল প্রাইভেটের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠে। মুহূর্তের মধ্যে হাসপাতালের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িতরা সবাই বিএনপির সহযোগী অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।

হাসপাতালের কর্মচারী আলা উদ্দিন গণমাধ্যমকে বলেন, হামলার ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি দল এবং সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাসদস্যরা এ সময় ঘটনাস্থল থেকে মো. বাবলু (৩৫) নামের একজনকে ডিসপ্লেতে লেখা আসার ঘটনায় জড়িত সন্দেহে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সিটি হসপিটাল প্রাইভেটের ম্যানেজার কাজী মো. শাহজাহান নাজিম বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে প্রথম হাসপাতালে ডিজিটাল ডিসপ্লেতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, লেখা ভেসে উঠে। তখন আমাদের নৈশপ্রহরী সেটা ডিসকানেক্ট করে দেয়। পরে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় কিছু লোকজন এসে আবার ডিসপ্লেতে কানেকশন দেয় এরপর লেখাটি পুনরায় ভেসে উঠে। ডিসপ্লের বিষয়টি হাসপাতালের বাইরে থাকা একটি পেনড্রাইভের মাধ্যমে চলে। এখানে আমাদের নিয়ন্ত্রণ নেই।

ম্যানেজার নাজিম অভিযোগ করে বলেন, গতকাল রাতে ডিসপ্লেতে লেখা ভেসে উঠেনি, এটা ঘটানো হয়েছে। এরপর হাসপাতালের অ্যাম্বুলেন্স, প্রাইভেটকারসহ হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হসপিটালের ডাক্তার সালমা ইসলামের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পূর্ববিরোধ ছিল। ধারণা করছি ওই বিরোধের জের ধরে এই ঘটনা ঘটানো হয়।

হাসপাতালে দলীয় কর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, ওই হাসপাতালের ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ ফিরে আসার প্রচারণার খবর পেয়ে দলীয় কিছু কর্মী-সমর্থক প্রতিবাদ জানাতে গিয়েছিল। এর মধ্যে অতি উৎসাহী দু-একজন হাসপাতালে কিছুটা ভাঙচুর করেছে। পরে আবার দলের লোকজনই তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছেন।

এ বিষয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে স্বাস্থ্য বিভাগের একটি টিম তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাসপাতাল সড়কের একটি হাসপাতালে হামলা-ভাঙচুরের খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।