রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে , জানালেন আবহাওয়া অফিস
সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহওয়া অফিস আরো জানায়, আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবার শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিবিএন / ৪ ফেব্রুয়ারি / অচ