বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের কক্সবাজার আগমনে প্রেস ব্রিফিং
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পর্যটন নগরী কক্সবাজার আগমন উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।
গতকাল বিকেলে জেলা জামায়াত ইসলামী আয়োজিত দলীয় অফিসে ব্রিফিং করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার কক্সবাজার আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডাক্তার শফিকুর রহমান। আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওইদিন সকাল ৯টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজিত কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমরা ইতোমধ্যে জেলার প্রত্যেক উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড-ইউনিট ভিত্তিক প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি।
আমরা আশা করছি কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। এই জনসমাগমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদের সাথে সম্পন্ন করার লক্ষ্যে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সকল অংশী জনের নিকট সহযোগিতা কামনা করছি। তারই প্রেক্ষিতে জেলা পুলিশের একটি টিম ৪ ফেব্রুয়ারি কর্মী সম্মেলনের স্থান পরিদর্শন করেছেন। কর্মী সম্মেলনকে যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব ৬ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এছাড়াও মেডিকেল টিম, এম্বুলেন্স, টেকনিক্যাল টিমসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের কর্মী সম্মেলনে পুরুষ জনশক্তির পাশাপাশি আমাদের মহিলা জনশক্তিরাও অংশগ্রহণ করবেন। মহিলা জনশক্তির জন্য কক্সবাজার সরকারি কলেজের পাশে অবস্থিত ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।
আমরা আশা করছি আমাদের নিজস্ব পুরুষ এবং মহিলা জনশক্তির পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ জনতা সম্মেলনে উপস্থিত হবেন। আয়োজিত কর্মী সম্মেলনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃংখলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আবারো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ, বিদ্যুৎ বিভাগসহ সকল পক্ষের আন্তরিক ও নিরবচ্ছিন্ন সহযোগিতা কামনা করছি।
কর্মী সম্মেলনে আমীরে জামায়াতের পাশাপাশি অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মোঃ শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।