কারাবন্দী ব্যবসায়ীর ব্যাংক হিসাব থেকে ৩৭ লাখ টাকা উধাও

37 lakh rupees disappeared
নিজস্ব প্রতিবেদক: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৯ অপরাহ্ন
কারাবন্দী ব্যবসায়ীর ব্যাংক হিসাব থেকে ৩৭ লাখ টাকা উধাও
রাজশাহীতে কারাবন্দী ব্যবসায়ীর ব্যাংক হিসাব থেকে ৩৭ লাখ টাকা উধাও ........প্রতীকী ছবি।

ব্যবসায়ী হোসেন আলী তখন কারাগারে। ওই সময় তার তিনটি ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে তোলা হয়েছে ৩৭ লাখ ১৫ হাজার টাকা। কারাগার থেকে বের হয়ে হোসেন আলী দাবি করছেন, গ্রেপ্তারের সময় তার গাড়ি থেকে চেকও জব্দ করা হয়েছিল। সেই চেকে জাল স্বাক্ষর দিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। এই টাকা তুলে নেওয়ার জন্য তাকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানো হয়েছিল বলেও অভিযোগ করছেন ব্যবসায়ী হোসেন আলী।

এ নিয়ে তিনি আদালতে একটি মামলা করেছেন। হোসেন আলী রাজশাহী নগরের চণ্ডিপুর মহল্লার বাসিন্দা। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ তিনি দুই ব্যাংক ব্যবস্থাপক ও দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং- ১৬৭/২৫। মামলার আগামী ধার্য্য তারিখ রয়েছে ২৬ জুলাই।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- হোসেন আলীর ঘনিষ্ঠ বন্ধু মাহমুদ হাসান শিশিল (৩৫), তাঁর দুই ম্যানেজার মাহমুদ হাসান লিমন (২৮), তন্ময় হোসেন (৩১), নগরের বোয়ালিয়া থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, থানায় কর্মরত তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল এবং ইসলামী ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থাপক ও আইএফআইসি ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থাপক।

হোসেন আলীর আইনজীবী লিয়াকত আলী খান  গণমাধ্যমকে জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) পাঠিয়েছেন। আরএমপির ডিবির পুলিশ পরিদর্শক ইবরাহিম খলিল বলেন, ‘আদালতে এ রকম কোনো মামলা হয়েছে কি না তা এখনও জানি না। কাগজপত্র এলে সেটি দেখে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, হোসেন আলী প্লট এবং পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা করেন। গত ১০ আগস্ট নগরের রেলগেট এলাকায় যানবাহনে তল্লাশি করছিলেন একদল শিক্ষার্থী। ওই সময় হোসেন প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। তার গাড়িটি তল্লাশি করা হলে ব্যাকডালায় কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়। এছাড়া দুই বোতল ফেনসিডিল পাওয়া যায় ওই গাড়িতে। এ সময় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেন। পরদিন তার বিরুদ্ধে একটি মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে করা মামলার আরজিতে হোসেন আলী দাবি করেছেন, তার ঘনিষ্ঠ বন্ধু শিশিল এবং দুই কর্মচারী লিমন ও তন্ময় তার অগোচরে গাড়ির ব্যাকডালায় দেশীয় অস্ত্র ও ফেনসিডিল রেখে দেন। তারপর তারাই তথ্য দিয়ে শিক্ষার্থীদের দিয়ে গাড়িতে তল্লাশি চালায়। ওই সময় তার গাড়িতে থাকা ব্যাগে ব্যাংকের চেকসহ অন্য জিনিসপত্রও ছিল। চেকগুলো জব্দ তালিকায় দেখানো হয়নি। সেই চেক দিয়েই জাল স্বাক্ষরে টাকা তোলা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়েও অভিযোগ করে ই-মেইল পাঠিয়েছেন হোসেন আলী।

অভিযোগে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংকের রাজশাহী শাখা থেকে গত ১৭ সেপ্টেম্বর ৯ লাখ, ১৮ সেপ্টেম্বর ১১ লাখ, ২২ সেপ্টেম্বর ৯ লাখ ও ২৬ সেপ্টেম্বর ৪ লাখ টাকা তোলা হয়েছে। চেকগুলোতে টাকা উত্তোলনকারীর নাম লেখা আছে হাসান। ১৭ সেপ্টেম্বর হোসেনের হিসাবে ছিল ৩৩ লাখ ৪ হাজার ৪৭৪ টাকা। চারটি চেকে ৩৩ লাখ টাকা তুলে নেওয়া হয়। এ ব্যাপারে ইসলামী ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থাপকের কাছেও লিখিত অভিযোগ করেছেন হোসেন।

এদিকে আইএফআইসি ব্যাংকে হোসেন আলীর রাজশাহী শাখার হিসাবে ছিল ৩ লাখ ৩ হাজার ৪৬ টাকা। এরমধ্যে রাজশাহী শাখা থেকে একটি চেকে গত ২৫ সেপ্টেম্বর তুলে নেওয়া হয় ৩ লাখ টাকা। আর ইউসিবি ব্যাংকের হিসাবে ছিল ১ লাখ ১৯ হাজার ৪১৮ টাকা। গত বছরের ১ অক্টোবর ব্যাংকটির রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর শাখা থেকে একটি চেকের মাধ্যমে তুলে নেওয়া হয় ১ লাখ ১৫ হাজার টাকা। এ ব্যাপারেও আইএফআইসি ও ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী হোসেন আলী।

বিষয়টি নিয়ে কথা হয় আইএফআইসি ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থাপক রবিউল হোসেন ও ইউসিবি ব্যাংকের বানেশ্বর শাখার ব্যবস্থাপক সুজন মোর্শেদের সঙ্গে। তারা জানান, স্বাক্ষর তাদের কাছে হোসেনেরই মনে হয়েছে। তারপরও ব্যাংকে চেক আসার পরে টাকা ছাড়ের ব্যাপারে নিশ্চিত হতে হোসেন আলীর মোবাইলে ফোন করা হয়েছিল। এক ব্যক্তি ফোন ধরে নিজের পরিচয় হোসেন আলী নিশ্চিত করেন এবং তিনি টাকা পরিশোধ করে দিতে বলেন। তাই তারা টাকা দিয়ে দেন। হোসেন আলী বলছেন, ওই সময় তিনি ছিলেন কারাগারে। আর তার ফোন জব্দ করে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ব্যাংক কর্মকর্তার সঙ্গে তার কোনো কথাই হয়নি। হোসেন কারাগারে থাকার ব্যাপারে জানতে চাইলে ইউসিবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুজন মোর্শেদ বলেন, আমরা তো কণ্ঠ পরীক্ষা করতে পারি না।

আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম গ্রাহক হোসেন আলী ই-মেইলে আমাদের প্রধান কার্যালয়েও অভিযোগ করেছেন। প্রধান কার্যালয় আমাকে একটি প্রতিবেদন দিতে বলেছে। এ জন্য কথা বলতে আমি হোসেন আলীকে ডেকেছি। কিন্তু তিনি আসেননি। এ ব্যাপারে তিনি আদালতে কোনো মামলা করেছেন কি না তা আমার জানা নেই।

ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. খালেকুজ্জামান দাবি করেন, চেকের স্বাক্ষর যাচাই-বাছাই করেই টাকা দেওয়া হয়েছে। তবে যেহেতু একাউন্ট হোল্ডার অভিযোগ করেছেন, তাই এ ব্যাপারে একটি কমিটি করে তদন্ত করা হচ্ছে।

যোগাযোগ করা হলে হোসেন আলী   গণমাধ্যমকে বলেন, আমি এলাকায় থাকতে পারছি না। টাকা তুলে নেওয়ার ব্যাপারে যেন কোনো পদক্ষেপ নিতে না পারি তার জন্য কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দফায় দফায় আমার বাড়িতে গিয়ে আমাকে খোঁজাখুঁজি করছে। নানারকম হুমকি দিচ্ছে। পরে আরও দুটি মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। ভয়ে আমার সন্তান স্কুলে যেতে পারছে না। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি জিডিও করেছেন আমার বাবা।

হোসেন আলী দাবি করেন, তার ঘনিষ্ঠ বন্ধু শিশিল ও দুই কর্মচারী তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দেন। তারপর গাড়িতে থাকা চেক নিয়ে তারা দুই পুলিশ কর্মকর্তা এবং ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে হিসাব থেকে ৩৭ লাখ ১৫ হাজার টাকা তুলে নিয়েছেন। এই টাকা তারা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন। এখন তিনি নিঃশ্ব। হোসেনের দাবি, তিনি কোনোদিন কোনো রাজনীতি করেননি। তারপরও তার নামে একের পর এক রাজনৈতিক মামলা হচ্ছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে আসামি মাহমুদ হাসান লিমনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তন্ময় হোসেন ফোন না ধরে কেটে দেন। আর মাহমুদ হাসান শিশিল বলেন, হোসেন আমার অধীনে ৭ হাজার টাকা বেতনে চাকরি করত। সে এত টাকা পায় কীভাবে? আমি তার ব্যাংক থেকে কোনো টাকা তুলিনি। তারপরও সে যদি মামলা করে, তাহলে আমার আর কি বলার আছে? আমি ভাষা হারিয়ে ফেলেছি।

ব্যাংক থেকে টাকা তোলার যোগসাজশের অভিযোগ অস্বীকার করেন পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম ও এসআই আবদুল আওয়াল। আমিরুল বলেন, ‘জব্দ তালিকা করেছিল অন্য একটি বাহিনী। তারা কি পেয়েছে না পেয়েছে তা জানি না। পুলিশকে কেন আসামি করল তা জানি না।

আবদুল আওয়াল বলেন, হোসেনের বিরুদ্ধে যে মামলাটা হয় সে মামলা আমি তদন্ত করছি। আমি চেকের বিষয়ে কিছু জানি না। কে টাকা তুলেছে সেটাও বলতে পারব না।