মোজাহিদ

যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ

The roar of the Mujahideen
অনলাইন ডেস্ক ১২ মার্চ ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১২ মার্চ ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন
যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ
যেখানে অন্যায় সেখানেই মোজাহিদের গর্জন

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। ইসলাম ধর্মেও বলা হয়েছে, অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি শক্তি ও সামর্থ্য থাকে, তাহলে প্রকাশ্যে অন্যায়ের মোকাবিলা করতে হবে। তা সম্ভব না হলে গোপনে প্রতিবাদ করতে হবে। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে অন্তত অন্তরের গভীর থেকে অন্যায়কে ঘৃণা করতে হবে।

এই শিক্ষাই যেন জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন গাজীপুরের সাহসী ও আপসহীন সাংবাদিক মো. মোজাহিদ। প্রায় সাত-আট বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় যোদ্ধার মতো কলম চালিয়ে যাচ্ছেন তিনি। যেখানে অন্যায়, সেখানেই তার প্রতিবাদের ঝড় ওঠে। নির্ভীক কণ্ঠে তিনি অন্যায়কারীদের মুখোশ উন্মোচন করেন, তুলে ধরেন দুর্নীতির চিত্র।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের সন্তান মো. মোজাহিদ। বর্তমানে তিনি দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাহসী সাংবাদিকতার জন্য গ্রেফতার ও কারাবরণ: ২০১৯ সালে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে দেশব্যাপী আলোচনায় আসেন। “শেখ হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে”— লন্ডনের একটি মিছিলের খবর প্রকাশের পরপরই শ্রীপুর থানা ও গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকুর দায়ের করা মামলায় তিনি ১২৩ দিন কারাগারে কাটান।

তবে কারাগারের অন্ধকার তার কলমের ধারকে স্তিমিত করতে পারেনি। বরং কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার লেখনী আরও শক্তিশালী হয়ে ওঠে। তিনি পুলিশের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একের পর এক প্রতিবেদন প্রকাশ করতে থাকেন।

তার উল্লেখযোগ্য এক প্রতিবেদন ছিল “ঘুষ নিয়ে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়লো জয়দেবপুর থানা পুলিশ”। সংবাদটি প্রকাশের পরপরই জয়দেবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার দুই সহকর্মী মিলন শেখ ও রোকনুজ্জামান খান-কেও আটক করা হয়।

এছাড়াও, “পট্টি মেরে বন মামলার আসামি বদলে ফেলেন বিট কর্মকর্তা আইয়ুব আলী”— শিরোনামের আরও একটি প্রতিবেদন প্রকাশের কারণে তাকে আবারও কারাবরণ করতে হয়। শেখ হাসিনা সরকারের আমলে মোট তিনটি মামলায় তাকে ২১৯ দিন কারাগারে থাকতে হয়েছে।

ব্যক্তিগত জীবনে প্রভাব ও সংগ্রামের গল্প: প্রথমবার গ্রেফতারের সময় তিনি উত্তরা টাউন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কারাগারে থাকায় তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, যা তার শিক্ষাজীবনে বড় এক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

জেল থেকে মুক্তি পাওয়ার পরও তাকে নিয়মিত হুমকি ও হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু সাহসী এই সাংবাদিক কখনো পিছু হটেননি, বরং অন্যায়ের বিরুদ্ধে তার সংগ্রাম আরও তীব্র হয়েছে।

নয়া দিগন্তে যোগদান ও নির্ভীক সাংবাদিকতা: দীর্ঘ সংগ্রামের পর ৪ জানুয়ারি ২০২৫ সালে তিনি দৈনিক নয়া দিগন্তের ডিজিটাল বিভাগে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। কিন্তু মোজাহিদ এখানেই থেমে থাকেননি। বরং তার সাংবাদিকতা আরও সুসংগঠিত এবং ফলপ্রসূ হতে শুরু করে।

তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপি সভাপতি শাহজাহান ফকিরের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের খবর প্রকাশ করেন।

এছাড়াও, যুবদল নেতা জাহাঙ্গীর আলমের প্রকাশ্য চাঁদাবাজির ঘোষণা ও রাম-দা মিছিলের ভিডিও সর্বপ্রথম তিনিই প্রকাশ করেন। মোটরসাইকেলে করে মিছিলের ভেতরে প্রবেশ করে গোপনে ভিডিও ধারণ করে তিনি দেখিয়ে দেন একজন সত্যিকারের অনুসন্ধানী সাংবাদিক কেমন হতে পারেন।

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন ও হত্যার হুমকি: ছাত্রদলের নাম ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন মোজাহিদ। গত ৪ মার্চ রাতে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটার হালনাগাদের কাজে অনিয়ম, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ ওঠে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। ৬ মার্চ একাধিক গণমাধ্যমে এই প্রতিবেদন প্রকাশিত হলে ছাত্রদলের ৬০-৭০ জন নেতাকর্মী প্রকাশ্যে মিছিল করে “জবাই করার” হুমকি দেয়।

এই ঘটনার পর সাংবাদিক সমাজ তার নিরাপত্তার দাবিতে শ্রীপুর থানা মোড়, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় এবং ময়মনসিংহ বিভাগীয় শহরে পৃথক পৃথক সময়ে মানববন্ধন করেন।

সাধারণ মানুষ মনে করেন, এদেশের প্রতিটি এলাকায় মোজাহিদের মতো সাহসী সাংবাদিকের প্রয়োজন। সত্য প্রকাশের সাহস নিয়ে যেন আরও অনেক মোজাহিদ বাংলার বুকে জন্ম নেয়— এটাই তাদের প্রত্যাশা।

সার্বিক বিষয়ে সাংবাদিক মো. মোজাহিদ বলেন, “আমাদের প্রত্যেকেরই উচিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দেশে অপরাধ যেভাবে বাড়ছে, তাতে প্রতিবাদ না করলে অপরাধীরা লাগামহীন হয়ে পড়বে। আমি আমার জায়গা থেকে জীবন দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মানুষের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ।”