রসুন দিয়ে খাসির শাহি রেজালা

Khasi Shahi Rezala with Garlic
অনলাইন ডেস্ক : ০৭ জুন ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ০৭ জুন ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ন
রসুন দিয়ে খাসির শাহি রেজালা
..... সংগৃহীত ছবি

ঈদের দিন বিভিন্ন ধরনের খাবার তৈরি করে সবাই। সেমাই পায়েসের পাশাপাশি পোলাও, রোস্ট, কোরমাসহ থাকে নানান স্পেশাল রেসিপি। ঈদের দিন দুপুরে পোলাওয়ের সঙ্গে খেতে পারেন খাসির শাহি রেজালা। রসুন দিয়েও রান্না করতে পারেন রেজালা। এর নাম দিতে পারেন গার্লিক মাটন।

উপকরণ: খাসির মাংস এক কেজি, গোটা রসুন ৬ থেকে ৭টি, টক দই আধা কাপ, পেঁয়াজ বাটা এক কাপ, পেঁয়াজের বেরেস্তা এক কাপ, ঘি এক কাপ, আদা–রসুন বাটা এক টেবিল চামচ, জয়ত্রী ও জায়ফল, পোস্তদানা, কিশমিশ, বাদাম বাটা এক চা–চামচ করে। হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মসলার গুঁড়া এক চা–চামচ করে, এলাচি, দারুচিনি ও তেজপাতা ৪ থেকে ৫টা, লবণ স্বাদমতো।

প্রণালি: খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার চুলায় একটি পাত্রে ঘি দিয়ে গরম করে রসুন বাদে সব উপকরণ দিয়ে দিন। তাতে খাসির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে রসুনগুলো দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন। রসুন সেদ্ধ হলে চুলা বন্ধ করে গরম-গরম পরিবেশন করুন।

সূত্র: যুগান্তর