চাঁদা না পেয়ে গুলি ছোঁড়ার হুমকি বিএনপি নেতার

BNP leader's threat
অনলাইন ডেস্ক ২৩ জুন ২০২৫ ০২:২১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৩ জুন ২০২৫ ০২:২১ অপরাহ্ন
চাঁদা না পেয়ে গুলি ছোঁড়ার হুমকি বিএনপি নেতার
সংগৃহীত ছবি

 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদা না পেয়ে সৌদি প্রবাসীকে বন্দুক দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া। ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশে একটি পুকুরে মাছ চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাকে মারধর করে। এক পর্যায়ে শাহজাহান বন্দুক তাক করে গুলি করার হুমকি দেন। সোহরাবের স্ত্রী ফাহমিদা পারভীন বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।

তবে শাহজাহান ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলায় বাধা দিতে গিয়েই আমি বরং মারধরের শিকার হই। বৈধ বন্দুকটি পরিষ্কার করার সময় কেড়ে নেওয়া হলে সেটা ফিরিয়ে আনতে গিয়ে ছবি তুলে অপপ্রচার চালানো হচ্ছে।”

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, “ঘটনার কথা শুনেছি। তদন্ত করে দোষী প্রমাণিত হলে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

সোনারগাঁও থানার ওসি মফিজুর রহমান জানান, “একজন প্রবাসী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমলে নেওয়া হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”