ঘুষের টাকা ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন ভুক্তভোগীর

Appeal to UNO
অনলাইন ডেস্ক ২৩ জুন ২০২৫ ০৭:৪৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৩ জুন ২০২৫ ০৭:৪৪ অপরাহ্ন
ঘুষের টাকা ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন ভুক্তভোগীর
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভূমি অফিসের এক সার্ভেয়ারের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘুষের টাকা ফেরত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী।

উপজেলার করশালিকা গ্রামের বাসিন্দা মো. গোলাম হোসেন ইউএনও মো. কামরুজ্জামান বরাবর ২৯ এপ্রিল এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, করশালিকা ও চরধুনাইল গ্রামের মানুষ নিজেদের টাকায় রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। সেই রাস্তায় নদী খননের বালু ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রতিবেদন চেয়ে ভূমি অফিসে যোগাযোগ করা হয়। সার্ভেয়ার মো. জাকিরুল ইসলাম প্রতিবেদন দেওয়ার জন্য ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। উপায় না পেয়ে গ্রামবাসীর পক্ষ থেকে গোলাম হোসেন এই অর্থ প্রদান করেন। তবে টাকা নেওয়ার পরও প্রতিবেদন না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে টাকা ফেরতের আবেদন করেন তিনি।

অভিযুক্ত সার্ভেয়ার মো. জাকিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে কোনো ঘুষ দিইনি বা নিইনি।”এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “ঘটনার তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”