কমনওয়েলথে ৪ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ

Commonwealth Games
অনলাইন ডেস্ক ২৪ জুন ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৪ জুন ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন
কমনওয়েলথে ৪ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ
...............সংগৃহীত ছবি

২০২৬ সালে ব্রিটেনের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। সেই গেমসে দশটি ডিসিপ্লিনে খেলা হবে। এর মধ্যে মাত্র চার ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) বিওএ নির্বাহী কমিটির সভায় অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিক্সে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত এসেছে। ভারত্তোলন, জুডো, ৩*৩ বাস্কেটবল ডিসিপ্লিন থাকলেও অংশ নেবে না বাংলাদেশ। 

দক্ষিণ এশিয়ার বাইরে বড় আন্তর্জাতিক গেমসের মধ্যে একমাত্র কমনওয়েলথ গেমসেই বাংলাদেশের স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে। বিশেষ করে শ্যুটিংয়ে একাধিক পদক রয়েছে এই প্রতিযোগিতায়। ২০১৮ গোল্ডকোস্ট গেমসে শ্যুটার শাকিল সর্বশেষ রৌপ্য পদক জেতেন। ২০২২ বার্মিংহাম গেমসে শ্যুটিং ও আরচ্যারি না থাকায় বাংলাদেশ পদকশূন্য ছিল। এবারও শ্যুটিং না থাকায় পদকের আশা সেই অর্থে নেই। 

আজ বিওএ নির্বাহী কমিটির সভায় কমনওয়েলথ গেমসের ডিসিপ্লিন চূড়ান্ত ছাড়াও আসন্ন এশিয়ান ইয়ুথ ও ইসলামিক সলিডারিটি গেমসের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন ডিসিপ্লিন ও খেলোয়াড় সংখ্যা অনেকটা চূড়ান্ত হলেও ফেডারেশনগুলোর আবেদন এবং অনুরোধের প্রেক্ষিতে সেটা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত এসেছে। জুলাই ও অক্টোবরে দু’টি বার্ষিক সাধারণ সভা করবে বিওএ। গঠনতন্ত্র যুগোপযোগী করতে একটি বিশেষ কমিটি গঠন করেছিল। সেই কমিটির প্রতিবেদন নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাহী সভা অনুষ্ঠিত হবে।

নির্বাহী সভার আগে বিওএ সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিশের অধিক ফেডারেশনের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। ময়মনসিংহে নির্মিতব্য অলিম্পিক ক্রীড়া কমপ্লেক্স, আসন্ন গেমসসহ ক্রীড়াঙ্গনের সামগ্রিক আলোচনা হয়। দেশের বাইরে থাকায় উপস্থিত ছিলেন না ফুটবল ফেডারেশনের সভাপতি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভায় উপস্থিত থেকে ক্রিকেট ও সামগ্রিক ক্রীড়ার উন্নয়নে মতামত দিয়েছেন। সভা শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে বেশ প্রাণবন্ত ও আন্তরিক আলোচনা হয়েছে। ক্রিকেটসহ সকল খেলা যেন আরও এগিয়ে যায় সবাই সবার অবস্থান থেকে মতামত দিয়েছেন। সামনে আমরা সবাই এক হয়েই ক্রীড়াঙ্গনের জন্য কাজ করব।’

ভারত্তোলন ফেডারশেনের সভাপতি মহিউদ্দিন আহমেদ পাঁচ দশকের বেশি সময় ক্রীড়াঙ্গনে। তিনি আজ সভার পর বলেন, ‘সব ফেডারেশনের সভাপতিই তাদের বর্তমান সমস্যা, ভবিষ্যত সম্ভাবনা এবং প্রয়োজনীয় সহায়তার কথা তুলে ধরেছেন। আমি কোচিং ট্রেনিং সেন্টার ও প্রশিক্ষণ সরঞ্জামের সমস্যাগুলোর কথা বলেছি। বিওএ সভাপতি অত্যন্ত আন্তরিকভাবে বিষয়গুলো শুনেছেন এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

ফেডারেশনগুলোর সভাপতিদের নিয়ে বৈঠকে ব্যাবের (ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতিও উপস্থিত ছিলেন। ফুটবল, ক্রিকেট ও আরচ্যারি ছাড়া প্রায় সকল ফেডারেশনেই আর্থিক সংকট প্রকট। সেই ফেডারেশনগুলোর আর্থিক সহায়তায় ব্যাংকগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা চলছে। এমনটা জানান ভারত্তোলন ফেডারেশনের সভাপতি।