সঞ্চয় ব্যাংকে নয় — নিরাপদ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন জমিতে
আপনার সঞ্চয় শুধু ব্যাংকে না রেখে, নিরাপদ ভবিষ্যতের জন্য জমিতে বিনিয়োগ করুন। কারণ জমির মূল্য কখনও কমে না, বরং প্রতিদিনই বাড়ে।
মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ও ভবিষ্যতের পরিকল্পনায় সঞ্চয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু ব্যাংকে টাকা রেখে তা ভবিষ্যতের জন্য যথেষ্ট সুরক্ষা দিতে পারে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি ও ব্যাংক সুদের নিম্নহার অনেক সময় সঞ্চয়ের প্রকৃত মূল্য কমিয়ে দেয়। এই কারণে বর্তমান সময়ে জমিতে বিনিয়োগ একটি সময়োপযোগী ও কার্যকর সিদ্ধান্ত।
জমি হলো এমন একটি সম্পদ, যার চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু জোগান সীমিত। এই সহজ সত্যটি জমির বাজারকে করে তুলেছে স্থিতিশীল ও লাভজনক। একটি ভাল এলাকায় উপযুক্ত জমিতে বিনিয়োগ করলে কয়েক বছরের মধ্যেই তার মূল্য দ্বিগুণ বা তদূর্ধ্ব হতে পারে। অর্থাৎ, শুধু সম্পদ সংরক্ষণ নয়, এটি ভবিষ্যতে স্থিতিশীল আয়ের উৎস হিসেবেও কাজ করতে পারে।
বাংলাদেশের প্রেক্ষাপটে জমির গুরুত্ব আরও বেশি। জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থান ও বাণিজ্যিক স্থাপনার জন্য জমির প্রয়োজনীয়তা বাড়ছে। শহর ও উপশহর এলাকায় জমির দাম প্রতিনিয়ত বাড়ছে। গ্রামাঞ্চলেও উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির ফলে জমির মূল্য এখন আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে ব্যাংকে টাকা রাখলে একটি নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় ঠিকই, তবে তা অধিকাংশ সময়েই বাজার মূল্যস্ফীতির তুলনায় কম। তাই দীর্ঘমেয়াদে ব্যাংকে রাখা অর্থের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যায়। তুলনামূলকভাবে জমিতে বিনিয়োগ করলে তা শুধু টিকে থাকে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায়। এবং এটি হালাল বিনিয়োগ।
বর্তমান সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ও লাভজনক ভবিষ্যতের জন্য শুধু সঞ্চয়ের ওপর নির্ভর না করে, যথাযথ পরিকল্পনার মাধ্যমে জমিতে বিনিয়োগ করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। কারণ জমির মূল্য কখনও কমে না — বরং প্রতিদিনই বাড়ে।
■ টিকা : জমিতে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। সঠিক দলিলপত্র যাচাই, জায়গার অবস্থান, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং বাজার বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যেতে পারে।
লেখক : আনোয়ার শাহজাহান
পরিচালক, এফএইচ ল সলিসিটরস (ইউকে), চেয়ারম্যান, শাহজাহান এস্টেট (গোলাপগঞ্জ), শাহ ক্যাপিটাল লিমিটেড (ইউকে), শাহ রিয়েল এস্টেট এলএলসি (দুবাই) এবং সম্পাদক, গ্লোবাল প্রপার্টি জার্নাল ও আমাদের প্রতিদিন ও লন্ডন বিচিত্রা (ইউকে)।