চট্টগ্রামের বনে মিলল চিতা বাঘের উপস্থিতি

Leopard spotted in the forest
অনলাইন ডেস্ক : ২৬ জুন ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৬ জুন ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন
চট্টগ্রামের বনে মিলল চিতা বাঘের উপস্থিতি
...সংগৃহীত ছবি

পার্বত্য চট্টগ্রামের এক সংরক্ষিত বনে চিতা বাঘের (লেপার্ড) উপস্থিতি নিশ্চিত হয়েছে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) নামে একটি সংগঠন।

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠনটি বুধবার (২৬ জুন) একটি চিতা বাঘের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে প্রকাশ করে। প্রকাশিত ছবিতে দেখা যায়, চিতা বাঘটি বনের মধ্যে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে।

সিসিএর প্রধান নির্বাহী শাহরিয়ার সিজার বলেন, প্রায় এক মাস আগে স্থাপন করা ক্যামেরা ফাঁদে প্রাণীটির ছবি ধরা পড়ে। সংরক্ষণের স্বার্থে আমরা বনের অবস্থান প্রকাশ করছি না।

এর আগেও, ২০১৫ সালে এই সংগঠনের স্থাপন করা ক্যামেরা ফাঁদে ধরা পড়েছিল আরেকটি চিতা বাঘের ছবি। গবেষকদের ধারণা, এবার ধরা পড়া প্রাণীটি একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। তবে সেটি পুরুষ না নারী, তা নিশ্চিত হওয়া যায়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক এম মনিরুল এইচ খান বলেন, এটি নিঃসন্দেহে অত্যন্ত সুখবর। চিতা বাঘ যে এখনো টিকে আছে, সেটি আবারও প্রমাণিত হলো। তবে শিকার ও বন ধ্বংসের কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে হয়তো আর দেখা মিলবে না।