​মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে দুই শিক্ষার্থী

Two students leave mother's body at home in exam center
অনলাইন ডেস্ক : ০৩ জুলাই ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক : ০৩ জুলাই ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ন
​মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে দুই শিক্ষার্থী
......সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুরে মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন দুই পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তারা। উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তারের মা মারা গেছেন। ওই দুই কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন এবং নাছির উদ্দিন বিষয়টি নি‌শ্চিত করেছেন।

মা হারানো সায়মা আক্তার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার হতেয়া গ্রামের মো. রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তার। সায়মার মা শিল্পী আক্তার (৪০) কিডনিজনিত সমস্যার কারণে ২ জুলাই রাত ৩টার দিকে নিজ বাড়িতেই মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে।

অপরদিকে উপজেলার কচুয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তার। তার মা সফিরন (৪৫) একইদিন রাত সাড়ে ৯টার দিকে মারা যান। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।মায়ের মৃত্যুর পর সায়মা আক্তার ও লাবনী আক্তার ভেঙে পড়েছে। তারা স্বজনদের কথায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যান। হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, সায়মা মেধাবী শিক্ষার্থী। তবে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসা সত্যি কষ্টদায়ক।