মুরগি খামার পরিবেশের বারাটা বাজাচ্ছে নাবিল গ্রুপ

Nabeel Group
নিজস্ব প্রতিবেদক: ২১ জুলাই ২০২৫ ০১:২৫ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২১ জুলাই ২০২৫ ০১:২৫ অপরাহ্ন
মুরগি খামার পরিবেশের বারাটা বাজাচ্ছে নাবিল গ্রুপ
...................সংগৃহীত ছবি

গ্রামে মুরগি খামার গড়ে তুলে পরিবেশের বারাটা বাজাচ্ছে নাবিল গ্রুপ। রাতের আঁধারে নাবিল গ্রুপের খামার থেকে মুরগির বিষ্ঠা নিয়ে ফেলা হচ্ছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি উপজেলার বিভিন্ন খাড়িতে। এর দুর্গন্ধে এলাকায় টেকা মুশকিল হয়ে পড়ছে গ্রামবাসীর। প্রাণ-প্রকৃতিতেও পড়ছে এর বিরূপ প্রভাব। মাছসহ পোকামাকড়ও মারা যাচ্ছে বিষাক্ত বর্জ্য।

নাবিল গ্রুপের মুরগির খামারটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট গড়গড়ায় এলাকায়। নাম নাবা মুরগি ফার্ম। এটি নাবিল গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে পরিচালিত। প্রতিদিন এই ফার্মে বিপুল পরিমাণ মুরগির বিষ্ঠা হয়। খামারে অল্প কিছু বিষ্ঠা পরিশোধন করে জৈব সারে রূপান্তর করা হয়। বাকি বিষ্ঠা পরিশোধন ছাড়াই ফেলা হয় রাজশাহীর গোদাগাড়ী, তানোর ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জের বিভিন্ন খাড়িতে।

এ নিয়ে এলাকার লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তরে অনেক অভিযোগ দিয়েছেন। তাতে কাজ না হওয়ায় সম্প্রতি রাজশাহীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। জেলা প্রশাসক আফিয়া আখতার এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা শুক্রবার বিকেলে অভিযান চালিয়েছেন। অভিযানে নাইম আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নাবা ফার্মকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। নাইমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হোগলা নয়াদিয়াড়ী গ্রামে।

এলাকার লোকজন জানিয়েছেন, এই নাইমই রাতের অন্ধকারে ট্রাকভর্তি করে মুরগির বিষ্ঠা নিয়ে গিয়ে ফেলে আসতেন। বেশি বিষ্ঠা ফেলা হয়েছে কাঁকনহাট খাড়ি ও তানোর উপজেলার বুরুজ, লব্যাতলা, ধামধুমসহ বিভিন্ন এলাকার খাড়িতে ফেলা হচ্ছে। তানোরের মাড়িয়া জোকারপাড়া গ্রামের একটি পুকুরেও বিষ্ঠা ফেলা হয়েছে। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার মাজাহাটি, শিবগঞ্জ উপজেলার বারেক বাজার দানিয়াল গাছি গ্যারোলি বিল, নাচোলের কাতলা কানদোর বিল এবং সদর উপজেলার ঝিলিম এলাকায়।

এলাকাবাসীর অভিযোগ, নাবিল গ্রুপের লোকজন রাত ১টা থেকে ৩টার মধ্যে কোম্পানির নিজস্ব ড্রাম ট্রাকে (রাজ মেট্রো-উ ১১-০০২৯) ব্যবহার করে নিয়মিতভাবে এসব বর্জ্য ফেলে পালিয়ে যান। খাড়ি ও পুকুরের এই পানি গ্রামের লোকজন সেচ, রান্না ও গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। এখন পানির দূষণে তা আর সম্ভব হচ্ছে না। পুকুরের মাছগুলো মরে ভেসে উঠছে। এই পানি ব্যবহার করলে জমিতে ফসল হচ্ছে না। পুকুর ও খাড়ির পোকামাকড়ও মরে যাচ্ছে।

সম্প্রতি তানোর-চৌবাড়িয়া রাস্তার মাদারিপুর রাস্তার ধারে গভীর রাতে নাবিলের বর্জ্য ফেলে পালিয়ে যায় একটি ড্রাম ট্রাক। এ ধরনের কার্যক্রম বন্ধের জন্য তানোরের বাঁধাইড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আসগর আলী সম্প্রতি রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, বর্জ্য ফেরার সময় ট্রাক আটকালে নাবিলের লোকজন তাদের নানারকম হুমকি দেন। সম্প্রতি এমন দুটি ট্রাক তানোরের বুরুজ এলাকায় আটক করে লোকজন পুলিশের হাতে তুলে দেন। পরে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ট্রাকচালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন। ভবিষ্যতে তারা এ ধরনের বর্জ্য আর ফেলবেন না বলেও মুচলেকা দিলেও তারা একই কাজ করে যাচ্ছেন।

তানোরের সরনজাই ডিগ্রী কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘খালের পানিতে বর্জ্য ফেলায় গ্রামের অনেক মানুষের হাঁস-মুরগি ও পুকুরের মাছ মারা গেছে। পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আমরা ঘরের জানালাও খুলতে পারছি না দুর্গন্ধের কারণে।’

শুক্রবারের অভিযানে প্রসিকিউটর ছিলেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন। তিনি বলেন, ‘মুরগির বিষ্ঠা যখন পচে গিয়ে যখন দুর্গন্ধ ছড়ায়, তখন তা বাতাসের মাধ্যমে জীবাণু ছড়ায়। এসব জীবাণু পশু-পাখি ও মানুষের বিভিন্ন রোগের কারণ হতে পারে। দীর্ঘ মেয়াদে এটি পরিবেশের ভারসাম্যও বিপর্যস্ত করে তোলে।’

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা রিশিকুল ও পাকড়ি ইউনিয়নের কয়েকটি এলাকায় গিয়ে এই বর্জ্য ফেলার প্রমাণ পেয়েছি। এগুলো বন্ধের জন্য এলাকার লোকজন নানা অভিযোগ করে আসছিলেন। তারা বিক্ষোভ পর্যন্ত করেছেন। আমরা এই কাজের সঙ্গে জড়িত একজনকে পেয়েছি। তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর নাবা ফার্মকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এসব বর্জ্য পরিশোধনের মাধ্যমে জৈব সারে রূপান্তর করে ফেলার নিয়ম। নাবা ফার্মের যে প্লান্ট আছে, তার ক্যাপাসিটি নেই। অল্প কিছু তারা জৈব সার করলেও সিংহভাগ বর্জ্য এভাবে পরিশোধন ছাড়াই ফেলে দেওয়া হতো। এটা বন্ধ করতে বলেছি। এরপরও একই কাজ করা হলে আবার অভিযান হবে। এভাবে পরিবেশের ক্ষতি করতে দেওয়া হবে না।’

এ বিষয়ে বক্তব্য জানার জন্য নাবিল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা মো. বদরুদ্দৌজা বলেন, ‘আমি একবার ওই ফার্মে গিয়েছিলাম। ফার্মটা অনেক দূরে অবস্থিত। ফার্মের কারও সঙ্গে সেভাবে যোগাযোগ নেই। তাই তাদের সঙ্গে কথা না বলে আমি এ বিষয়ে বলতে পারছি না।’