দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে ফের কলেজে দুই উপদেষ্টা ও প্রেস সচিব

Two advisors and press secretary return to college amid student protests
অনলাইন ডেস্ক : ২২ জুলাই ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২২ জুলাই ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ন
দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে ফের কলেজে দুই উপদেষ্টা ও প্রেস সচিব
...................সংগৃহীত ছবি

দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেয়ার খবর শুনে কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখান থেকে তাঁদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা কলেজের ৫ নম্বর ভবনে অবস্থান করছিলেন । 

দুপুর পৌনে ৩টা দিকে অবরোধ তুলে নিয়ে ফিরে যেতে শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একারণে আমরা ফিরে যাচ্ছি।

বেলা সাড়ে তিনটার কিছু আগে কলেজ থেকে বের হন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদেরও দেখা যায়নি। উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে বিকেল পৌনে চারটার দিকে বাধা দেয় শিক্ষার্থীরা। তখন গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়। তাঁরা কলেজের ভেতরে একটি ভবনে রয়েছেন।

এরআগে মঙ্গলবার বেলা ২টার দিকে ৫ নম্বর ভবনের নিচে দাঁড়িয়ে আসিফ নজরুল বলেন, ‘আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন, তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি— আপনাদের সব দাবি মেনে নেবো। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেবো। কোমলমতি যারা প্রাণ হারিয়েছে, অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন প্রকৃত তথ্য জানানো হবে।’

তবে শিক্ষার্থীরা তার বক্তব্য প্রত্যাখান করলে তিনি আবার ভবনের ভেতরে চলে যান। এর কিছু সময় পর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায়ও ঘটে। এতে ৫ নম্বর ভবনের দ্বিতীয় তলার জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তিনজন শিক্ষার্থী আহত হন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীন আছে ১৬৫ জন।